শিরোপার হাসির মাঝে অর্শদীপের শাস্তি

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের রেকর্ড তৃতীয় শিরোপা জয়ের উল্লাসের মধ্যেই দুঃসংবাদ পেলেন দলটির পেসার অর্শদীপ সিং। ফাইনালে নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেলের দিকে বল ছুড়ে মারার অপরাধে তাকে জরিমানা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অর্শদীপকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির ২.৯ ধারা লঙ্ঘনের দায়ে এই শাস্তি পেয়েছেন তিনি। ধারাটি কোনো খেলোয়াড় লক্ষ্য করে বা তার আশেপাশে 'অনুচিত বা বিপজ্জনকভাবে' বল বা ক্রিকেটীয় সরঞ্জাম ছুড়ে মারার সঙ্গে সম্পর্কিত।

গত রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের রান তাড়ার ১১তম ওভারে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। মিচেল একটি বল খেলার পর তা সরাসরি বোলার অর্শদীপের হাতে ফেরত যায়। কোনো প্ররোচনা ছাড়াই তিনি বলটি সজোরে মিচেলের দিকে ছুড়ে মারেন, যা সরাসরি তার প্যাডে আঘাত করে।

এতে মেজাজ হারিয়ে অর্শদীপের দিকে তেড়ে যান মিচেল। তবে অর্শদীপ কোনো রকমের দুঃখ প্রকাশ না করে উল্টো পেছনে ঘুরে হাঁটা ধরলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অনফিল্ড আম্পায়ারকে তখন পরিস্থিতি শান্ত করতে হয়। পরে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব নিজে এগিয়ে গিয়ে মিচেলের কাছে ক্ষমা চান।

যদিও ওভার শেষে এবং ম্যাচ পরবর্তী সময়ে অর্শদীপ ব্যক্তিগতভাবে মিচেলের কাছে ক্ষমা চেয়েছেন, তবুও তাকে আইসিসি সাজা দিয়েছে। তার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। গত ২৪ মাসে এটি তার আচরণবিধি লঙ্ঘনের প্রথম ঘটনা। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে তিনি নিজের দোষ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

মাঠের এই তিক্ততা অবশ্য ভারতের উৎসবের রঙ ফিকে করতে পারেনি। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ধরে রাখার পাশাপাশি ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি গড়ে তারা। ইতোমধ্যেই তাদের জন্য ১৭৩ কোটির বেশি টাকার বিশাল বোনাস ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।