হারের দায় নিলেও ‘আবেগের বশবর্তী’ হয়ে নেতৃত্ব ছাড়বেন না সালমান
শ্রীলঙ্কাকে হারিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। নেট রান রেটের মারপ্যাঁচে সেমিফাইনালে উঠতে না পারার দায় নিজের কাঁধেই নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা। তার মতে, চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নিতে না পারাই কাল হয়েছে দলের জন্য। তবে আরেকটি বৈশ্বিক আসরে দলের ভরাডুবি হলেও হুট করে নেতৃত্ব ছাড়বেন না তিনি।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালমান আঘা সরাসরিই ব্যর্থতার কথা স্বীকার করেন, ‘পুরো টুর্নামেন্টে আমরা আমাদের নামের বিচার করতে পারিনি। বিশেষ করে চাপের মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করেছি, আর সেই কারণেই সেমিফাইনাল থেকে আমাদের ছিটকে যেতে হয়েছে।’
দলের ওপেনার সাহেবজাদা ফারহানের প্রশংসা করলেও বাকিদের পারফরম্যান্সে হতাশ অধিনায়ক। সালমান বলেন, ‘ফারহান এই টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, দলের অন্য কোনো ব্যাটার প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি।‘ উল্লেখ্য, এই টুর্নামেন্টের ৭ ম্যাচে সালমান নিজে করেছেন মাত্র ৬০ রান।
দলের এই ভরাডুবির পর অধিনায়কত্ব ছাড়ার প্রশ্ন উঠলেও এখনই কোনো চূড়ান্ত কথা বলতে রাজি নন তিনি। আবেগ তাড়িত হয়ে কিছু করতে চান না বলে জানান সালমান, ‘দলের একাদশ নির্বাচনের দায়িত্ব আমার আর কোচ মাইক হেসনের ছিল, তাই আমরাই এই ফলের দায় নিচ্ছি। তবে অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে এখনই কিছু বলছি না। দেশে ফিরে একটু সময় নিয়ে ভেবে দেখব। কারণ এই অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে আবেগের বশবর্তী।’
শনিবার শ্রীলঙ্কাকে ৫ রানে হারালেও নেট রান রেটে পিছিয়ে থাকায় পাকিস্তানের বদলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।