টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

ফারহানের সেঞ্চুরি, উসমানের বিধ্বংসী বোলিংয়ে সুপার এইটে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

শাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে দুইশো ছুঁইছুঁই পুঁজিতে জ্বলে উঠলেন উসমান তারিক। তার স্পিনে একশোর আগেই গুটিয়ে গেল নামিবিয়া। বাঁচা-মরার ম্যাচ দাপট দেখিয়ে জিতে সুপার এইট নিশ্চিত করল পাকিস্তান।

কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তান জিতেছে ১০২ রানে। আগে ব্যাট করে ৫৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসে ভর করে ১৯৯ রান করে সালমান আলি আঘার দল।

Usman Tariqজবাবে স্রেফ ৯৭ রানে শেষ হয়ে যায় আফ্রিকার দেশ নামিবিয়া। ৩.৩ ওভার বল করে ১৬ রানে ৪ উইকেট নেন উসমান। আগের ম্যাচে ভারতের সঙ্গে বড় হারের পর শঙ্কায় পড়েছিল পাকিস্তান। সহজেই শঙ্কা উড়িয়ে সুপার এইটে পা রাখল সাবেক চ্যাম্পিয়নরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪০ রান তুলে প্রথম উইকেট হারায় পাকিস্তান। অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলে কিপারের গ্লাভসে জমা পড়েন সাইম আইয়ুব। দ্বিতীয় উইকেটে সালমানকে নিয়ে বড় জুটি গড়েন ফারহান। দুজনে ৬৭ রান যোগ করার পর থামেন ৩৮ করা পাকিস্তান অধিনায়ক।

চারে নেমে খাওয়াজা নাফে ৫ রান করে ফিরে গেলেও শাদাব খান নেমে তোলেন ঝড়। ফারহান ও শাদাবের জুটিতে আসে আরও ৮১ রান। শেষ ওভারে গিয়ে ৫৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ফারহান।

বিশাল লক্ষ্যে নামা নামিবিয়া কখনোই ম্যাচে ছিল না। শুরুটা কিছুটা ভালো হলেও এরপর ধসে যায় তারা। পুরো ইনিংসে দুই অঙ্কে যেতে পারেন স্রেফ লরেন স্টেনক্যাম্প ও আলেক্সান্ডার বুজিং ভলসচেঙ্ক।

উসমান ছাড়াও নামিবিয়ার ব্যাটিংয়ে ধস নামাতে ভূমিকা রাখেন শাদাব। ১৯ রানে ৩ উইকেট নেন তিনি।