দুই ভাইয়ের ঝলকে নেপালকে হারিয়ে ইতালির ঐতিহাসিক জয়
ক্রিশান কালুগামাগের তোপে নেপালকে অল্প রানে আটকে দেওয়ার পর দুই ভাই জাস্টিন ও অ্যান্তনি মুস্কা দেখালেন ব্যাটিং ঝলক। ওপেন করতে নেমে অবিচ্ছিন্ন থেকে তারা ইতালিকে এনে দিলেন ঐতিহাসিক জয়।
মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিশ্রুতিশীল শক্তি নেপালকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে নবাগত ইতালি। প্রথমবার বিশ্বকাপে এসে দ্বিতীয় ম্যাচেই জয় পেল তারা। বলের ব্যবধানে বিশ্বকাপে সহযোগী দেশের এটা সবচেয়ে বড় জয়।
কালুগামাগের ১৮ রানে ৩ উইকেট শিকারে নেপাল গুটিয়ে যায় মাত্র ১২৩ রানে। ৪৪ বল আগে ওই রান টপকে জিতেছে ইতালি। জাস্টিন ৪৪ বলে ৬০ ও অ্যান্তনি ৩২ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন।
সহজ রান তাড়ায় নেমে কোন ভুল করেননি জাস্টিন-অ্যান্তনি। আগ্রাসী মেজাজে দ্রুত রান আনতে থাকেন তারা। নেপালের বোলাররা প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ঝলক দেখালেও এদিন তারা ছিলেন ম্লান। ৪৪ বলে ৫ চার, ৩ ছক্কায় ৬০ করেন জাস্টিন। তার বড় ভাই অ্যান্তনি ছিলেন আরও আগ্রাসী। ৩২ বলে ৩ চারের সঙ্গে তিনি মারেন ৬ ছক্কা।
টস জিতে ফিল্ডিং বেছে দ্বিতীয় ওভারেই কুশাল ব্রুতেলকে তুলে নেয় ইতালি। রোহিত পাউডেড় আর আসিফ শেখ মিলে পরিস্থিতি সামাল দিলেও টানতে পারেননি। ইংল্যান্ডের বিপক্ষে রান পাওয়া দীপেন্দ্র সিং আইরি, লোকেশ বামরা এদিন ছিলেন ব্যর্থ। আইরি ১৭, লোকেশ করেন ৩ রান। মাঝের ওভারে একের পর এক উইকেট হারিয়ে দ্রুত ধসে যায় নেপাল। মামুলি পুঁজি নিয়ে হিমালয়ের দেশের আর লড়াই জমানো হয়নি।
অথচ এই ম্যাচে নেপালই ছিলো ফেভারিট। এর আগেও বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকা দলটি গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল ১ রানে, এবার ইংল্যান্ডের কাছে তারা হারে ৪ রানে। বড় দলের সঙ্গে এমন লড়াই দিলেও দুর্বল ইতালির বিপক্ষে নিজেরাই হয়ে গেল কোণঠাসা।