এলিস ও জ্যাম্পার নৈপুণ্যে বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার আয়ারল্যান্ডকে ৬৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দাপটের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করল অস্ট্রেলিয়া। পেসার ন্যাথান এলিস ও লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পার বিধ্বংসী বোলিংয়ে আইরিশদের ব্যাটিং লাইনআপ তছনছ করে দিল অজিরা।

ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ছিটকে গেলেও সেই ধাক্কা ভালোভাবেই সামলে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারপ্রাপ্ত অধিনায়ক ট্রাভিস হেড টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ধীরগতির স্পিন-সহায়ক উইকেটে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বড় ধাক্কা খায় আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম বলে রান নিতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক পল স্টার্লিং। তার এই 'রিটায়ার্ড হার্ট' হয়ে ফিরে যাওয়া দলকে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেয়।

দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই ম্যাথু কুনেম্যানের বলে বোল্ড হন হ্যারি টেক্টর। এরপর জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি রস অ্যাডায়ার। ১২ রান করে তিনি এলিসের প্রথম শিকারে পরিণত হন। আয়ারল্যান্ডের বিপদ আরও বাড়ে যখন দলীয় ২৭ রানেই তারা ৪ উইকেট হারিয়ে বসে। কার্টিস ক্যাম্ফার ও বেন ক্যালিৎজকে ফিরিয়ে পাওয়ার প্লের মধ্যেই ৩ উইকেট পূর্ণ করেন এলিস।

এরপর বল হাতে জাদু দেখান জ্যাম্পা। আয়ারল্যান্ডের মিডল অর্ডার একাই ধসিয়ে দেন তিনি। জর্জ ডকরেল ২৯ বলে ৪১ রানের এক ঝড়ো ইনিংস খেলে কিছুটা আশা জাগালেও জ্যাম্পার ওয়াইড বলে স্টাম্পিংয়ের ফাঁদে পা দেন তিনি।

শেষদিকে ব্যারি ম্যাককার্থিকে ফিরিয়ে নিজের চতুর্থ শিকারটি ধরেন এলিস। স্টার্লিং চোটের কারণে আর ব্যাটিংয়ে ফিরতে না পারায় ১৬.৫ ওভারে ১১৫ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। এলিস ১২ রানে ও জ্যাম্পা ২৩ রানে চারটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে জশ ইংলিশের ১৭ বলে ৩৭ রানের তাণ্ডবে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। পাওয়ার প্লেতেই হেড (৭ বলে ৬) ও ক্যামেরন গ্রিনকে (১১ বলে ২১) হারালেও স্কোরবোর্ডে ওঠে ৬৪ রান। মাঝপথে আইরিশ বোলাররা ম্যাচের লাগাম ধরার চেষ্টা করলেও ম্যাট রেনশ (৩৩ বলে ৩৭) ও আগ্রাসী মার্কাস স্টয়নিসের (২৯ বলে ৪৫) দায়িত্বশীল জুটি অজিদের বড় সংগ্রহের পথে নেয়। তারা যোগ করেন ৪৪ বলে ৬১ রান।

শেষদিকে কুপার কনোলি ও জাভিয়ের বার্টলেট দলীয় পুঁজি ১৮০ পার করান। দুজনই অপরাজিত থাকেন ১১ রান করে। শেষ পর্যন্ত এই সংগ্রহই জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয় এবং গ্রুপ 'বি'র পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া।