ফিফা বিশ্বকাপ ২০২৬

২ গোল করে ৬ রেকর্ড গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

সমালোচনা যেন তার কাছে জ্বলে ওঠার সবচেয়ে বড় রসদ! প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে নিষ্প্রভ থাকার পর ধেয়ে আসছিল তীর্যক সব মন্তব্য। এমনকি একাদশে জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন উঠছিল! কিন্তু পাহাড়সম চাপ উড়িয়ে ক্রিস্তিয়ানো রোনালদো জবাবটা দিলেন নিজের চেনা ঢঙেই— মাঠের পারফরম্যান্সে।

হিউস্টনে মঙ্গলবার রাতে বিশ্বকাপের ‘কে’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে শিরোপাপ্রত্যাশী পর্তুগাল। আর এই দাপুটে জয়ের রাতে জোড়া গোল করে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড সমালোচকদের পাল্টা জবাব দেওয়ার পাশাপাশি নামের পাশে যোগ করেছেন অবিশ্বাস্য ছয়টি রেকর্ড!

ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের খাতা খোলেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী মহাতারকা। ডানপ্রান্ত থেকে জোয়াও কানসেলোর মাপা ক্রসে ডান পায়ের নিখুঁত শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি।

এরপর ৩৯তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে আদায় করেন নিজের দ্বিতীয় গোলটি। ডি-বক্সের ডান দিকে থ্রু বল বাড়ান ব্রুনো ফার্নান্দেস। বলের পেছনে ছুটে যান পর্তুগিজ অধিনায়ক রোনালদো। তাকে বাধা দিতে এগিয়ে আসেন প্রতিপক্ষ গোলরক্ষক। কিন্তু নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে ঠিকই লক্ষ্যভেদ করেন তিনি।

বয়সের ছাপকে বুড়ো আঙুল দেখিয়ে এদিন হ্যাটট্রিকও পেতে পারতেন রোনালদো। তবে শেষ পর্যন্ত জোড়া গোলের সঙ্গে এবারের আসরে পর্তুগালের প্রথম জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়েন তিনি।

উজবেকিস্তানের বিপক্ষে জালের দেখা পেয়ে যে ছয়টি রেকর্ড গড়েছেন রোনালদো:

* প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করার অনন্য নজির গড়েছেন তিনি। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির গোল আছে পাঁচটি আসরে।

* ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ মিলিয়ে ১১টি বড় টুর্নামেন্টে গোল করার কীর্তি গড়েছেন তিনি। আগে থেকেই রেকর্ডটির মালিক রোনালদো আরও সমৃদ্ধ করেছেন নিজের অর্জনকে।

ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে এটি সর্বোচ্চ। ছয়টি করে টুর্নামেন্টে গোল নিয়ে অনেক পেছনে আছেন ইয়ুর্গেন ক্লিন্সম্যান, মিরোস্লাভ ক্লোসা ও জেরদান শাকিরি।

* ৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা হয়েছেন রোনালদো। তার সামনে আছেন কেবল ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা (৪২ বছর ৩৯ দিন)। তবে ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে বড় টুর্নামেন্টে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ডটি এখন রোনালদোরই।

* নিজের দ্বিতীয় গোলটি করার মাধ্যমে বিশ্বকাপে স্বদেশি কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে গেছেন রোনালদো। ফুটবলের মহাযজ্ঞে পর্তুগালের জার্সিতে এখন এককভাবে সর্বোচ্চ ১০টি গোলের মালিক তিনি। সেজন্য তাকে খেলতে হয়েছে ২৪ ম্যাচ।

এর আগে ২০০৬ সালে একটি, ২০১০ সালে একটি, ২০১৪ সালে একটি, ২০১৮ সালে হ্যাটট্রিকসহ চারটি এবং গত ২০২২ সালের আসরে একটি গোল করেছিলেন তিনি।

* বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করার কীর্তিটিও নিজের করে নিয়েছেন তিনি। পেছনে ফেলেছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসিকে। গত সোমবার রাতেই অস্ট্রিয়ার বিপক্ষে ৩৮ বছর ৩৬৩ দিন বয়সে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

* একাধিক গোলদাতা রয়েছে এমন দেশগুলোর মধ্যে ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে নিজ দেশের সবচেয়ে কম বয়সী ও সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হওয়ার জোড়া সম্মান অর্জন করেছেন রোনালদো। তার আগে এই কীর্তি ছিল কেবল ডেনমার্কের মাইকেল লাউড্রপ ও আর্জেন্টিনার মেসির।

বিশ্বকাপে রোনালদো প্রথম গোলটি করেছিলেন ২০০৬ সালের আসরে। গ্রুপ পর্বের ম্যাচে পেনাল্টি থেকে ইরানের জাল কাঁপিয়েছিলেন তিনি। সেদিন তার বয়স ছিল ২১ বছর ১৩২ দিন।