কাতারে ইতিহাসগড়া ৯ জনকে রেখে মরক্কোর বিশ্বকাপ স্কোয়াড
সবশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে খেলেছিল মরক্কো। সেই দলের নয় ফুটবলারকে রেখে বিশ্বকাপের আসন্ন আসরের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন তাদের কোচ মোহামেদ উয়াহবি। তবে সেখানে জায়গা হয়নি অভিজ্ঞ স্ট্রাইকার ইউসেফ এন-নেসিরি ও উইঙ্গার হাকিম জিয়েশের।
মঙ্গলবার রাতে ঘোষিত দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক ও পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি। তবে ফর্মহীনতার কারণে জিয়েশের ডাক না পাওয়া অনুমিত থাকলেও চমক হয়ে এসেছে এন-নেসিরির বাদ পড়া। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তার গোলেই পর্তুগালকে হারিয়ে সেমির টিকিট কেটেছিল মরক্কানরা।
হাকিমি ছাড়া টিকে যাওয়া নয়জনের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো ইয়াসিন বুনু, সোফিয়ান আমরাবাত, নুসাইর মাজরাউই ও নায়েফ আগের্দ। এছাড়া, দলে আছেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার ব্রাহিম দিয়াজ।
গত মার্চে সাবেক কোচ ওয়ালিদ রেগ্রাগির স্থলাভিষিক্ত হওয়া উয়াহবি প্রথমবারের মতো দলে ডেকেছেন দুজনকে। তারা হলেন লিলের মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের উইঙ্গার আইয়ুব আমাইমুনি। এদের মধ্যে ফ্রান্সে জন্ম নেওয়া বুয়াদ্দি বয়সভিত্তিক পর্যায়ে ফরাসিদের হয়ে খেলেছেন।
আসন্ন বিশ্বকাপে 'সি' গ্রুপে থাকা মরক্কো নিজেদের অভিযান শুরু করবে আগামী ১৪ জুন, রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে। তাদের বাকি দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।
মরক্কোর বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: ইয়াসিন বুনু, মুনির মোহামেদি, আহমেদ তাগনাউতি
ডিফেন্ডার: নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, ইউসেফ বেলাম্মারি, নায়েফ আগের্দ, চাদি রিয়াদ, ইসা দিওপ, রেদোয়ান হালহাল, আশরাফ হাকিমি, জাকারিয়া এল উয়াহদি
মিডফিল্ডার: সামির এল মুরাবেত, আইয়ুব বুয়াদ্দি, নেইল এল আইনাউই, সোফিয়ান আমরাবাত, আজ্জেদিন উনাহি, বিলাল এল খান্নৌস, ইসমাইল সাইবারি
ফরোয়ার্ড: আব্দেসামাদ এজ্জালজুলি, চেমসদিন তালবি, সুফিয়ান রহিমি, আইয়ুব এল কাবি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন গেসিম, আইয়ুব আমাইমুনি।