মৌসুম শেষ ইয়ামালের, তবে বিশ্বকাপ নিয়ে স্বস্তি

স্পোর্টস ডেস্ক

স্বপ্নের গতিতে ছুটতে থাকা তরুণ তারকা লামিন ইয়ামাল হঠাৎই থেমে গেলেন চোটের ধাক্কায়। তবে সেই থামা সাময়িক, পুরো গল্পের শেষ নয়। তার ইনজুরি নিয়ে উদ্বেগ থাকলেও কিছুটা স্বস্তি মিলেছে, কারণ বিশ্বকাপ মঞ্চে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা এখনো উজ্জ্বল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ইয়ামাল। ক্লাবের ট্রেনিং কমপ্লেক্স হুয়ান গ্যাম্পার স্পোর্টস সিটিতে এমআরআই স্ক্যানের পর এই তথ্য নিশ্চিত করা হয়।

ক্লাবটি আরও জানিয়েছে, রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ইয়ামালকে এবং মৌসুমের বাকি লিগ ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না তিনি। তবে আশা করা হচ্ছে, বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

ক্লাব নির্দিষ্ট করে সময়সীমা না জানালেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ১৮ বছর বয়সী ফুটবলারকে। ফলে হ্যান্সি ফ্লিকের দলকে লা লিগার শেষ ছয় ম্যাচে ইয়ামালকে ছাড়াই লড়তে হবে। এই ম্যাচগুলোর মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোও।

এছাড়া রয়েছে গেতাফে, ওসাসুনা, দিপার্তিভো আলাভেস, রিয়াল বেতিস ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই। বর্তমানে বার্সেলোনা ৯ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে, যেখানে এখনো ১৮ পয়েন্ট লড়াইয়ে রয়েছে।

ইনজুরির ঘটনাটিও ছিল নাটকীয়। সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচে পেনাল্টি নিতে যাওয়ার মুহূর্তে হঠাৎ থেমে যান ইয়ামাল। এরপর শট নেওয়ার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি, বুঝতে পারেন চোট পেয়েছেন। মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেন ডা. প্রুনা, এবং দ্রুতই বদলি করা হয়।

অন্যদিকে, একই ম্যাচে ডান পায়ে চোট পাওয়া জোয়াও ক্যানসেলো ইতোমধ্যে স্বাভাবিকভাবে অনুশীলনে ফিরেছেন। তার চোট গুরুতর ছিল না, শুধু শক্ত আঘাত ছিল বলে জানিয়েছে ক্লাব।