ফাইনালের পথে ‘এক ধাপ’, সাইফদের বিশ্বাস এখন পোক্ত
এশিয়া কাপ খেলতে আসার আগেই দলের ভেতর বিশ্বাস ছিলো এবার ফাইনাল খেলবেন তারা। গ্রুপ পর্বে সেই বিশ্বাসের ভিত নড়ে গেলেও খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে স্বপ্ন ডানা মেলছে আবার। সেই স্বপ্ন এখন খুব অধরাও মনে হচ্ছে না, ফাইনাল এখন খুব নাগালে থাকা বাস্তবতা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলা আসা সাইফ হাসান বলছেন তারা এগিয়ে গেছেন এক ধাপ।
'বি' গ্রুপের কঠিন লড়াই পেরিয়ে সেরা চারে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ ছিলো। দোলাচল ছিলো গ্রুপের শেষ ম্যাচ অবধি, এমনকি নিজেদের হাতে কিছু না থাকায় ছিলো প্রবল অস্বস্তি। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার 'সৌজন্যে' সুপার ফোরে আসার স্বস্তি, আর সেই শ্রীলঙ্কাকে প্রথম পরীক্ষায় হারিয়ে এখন বিশ্বাসের ভিত হয়ে গেছে পোক্ত।
শনিবার রাতে দুবাইতে সুপার ফোরের ম্যাচ এক বল আগে বাংলাদেশ জিতেছে ৪ উইকেট। ফাইনালের পথে লড়াই বাকি আরও দুটি, তার মধ্যে একটা জিতলেই সম্ভাবনা হয়ে যাবে উজ্জ্বল। ৪ ছক্কা, দুই চারে ৪৫ বলে ৬১ করা সাইফের কণ্ঠে মিলল সেই সুর, 'এখানে আসার আগে সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলবো। কাজেই ওয়ান স্টেপ এহেড এখনো দুটো ম্যাচ বাকি। পরের ফোকাস পরের ম্যাচের জন্যই।'
বাংলাদেশের পরের ম্যাচ ২৪ সেপ্টেম্বর, টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের বিপক্ষে। পরদিনই বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পরপর দুইদিনে নির্ধারিত হয়ে যাবে বাংলাদেশের গতিপথ।
এশিয়া কাপে এর আগে তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। যারমধ্যে টি-টোয়েন্টি সংস্করণে খেলেছে একবার। শিরোপার কাছে গিয়েও আক্ষেপে পুড়তে হয়েছে। ফাইনাল তো বটেই, স্বপ্নের সীমানা শিরোপার দিকেই রাখছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সাইফ বলছেন স্বপ্ন দেখলে দেখতে হবে বড়, 'স্বপ্ন দেখলে বড় স্বপ্নই দেখা উচিত। আমাদের ধাপে ধাপে এগুনো উচিত। আমাদের পরের ফোকাস কেবল ভারতের বিপক্ষে ম্যাচের দিকেই। এরপর দেখা যাক কী হয়।'