সাকিবকে ছাড়িয়ে গেলেন লিটন
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান থেকে কেবল ১৮ রান দূরে ছিলেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে এই রান তুলে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন তিনি, তবে এরপরই আউট হয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১১৪ ম্যাচ খেলে লিটনের রান এখন ২৫৫৬। সাকিবের ১২৯ ম্যাচে ২২৫১ রান এখন চলে গেল দুই নম্বরে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রানের লক্ষ্য নিয়ে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। তিনে নামা লিটন ১৬ বলে করেন ২৩। তার তিন চারের ইনিংস থামে ভানিন্দু হাসারাঙ্গার বলে বড় শটের চেষ্টায়।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা এবং সবচেয়ে ফিফটিরও মালিক লিটন। তার ফিফটি ১৫টি, ১৩ ফিফটি করে এখানেই দুইয়ে সাকিব। ৭৮ ছক্কা নিয়ে শীর্ষে থাকা লিটনের পরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৭৭ ছক্কা)।
এশিয়া কাপে দারুণ ছন্দ নিয়ে আসা লিটন হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে করেছিলেন ফিফটি (৩৯ বলে ৫৯)। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তিনি করেন ২৬ বলে ২৮ রান। আফগানিস্তানের বিপক্ষে ১৪ বলে ৯ রান করে ফেরার পর আজ করলেন ১৬ বলে ২৩।