হালান্ড-এমবাপেকে টপকে ইউরোপিয়ান গোল্ডেন বুট কেইনের

স্পোর্টস ডেস্ক

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও ভয়ংকর হয়ে উঠছেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখকে ঘরোয়া ডাবল জেতানোর পর এবার ব্যক্তিগত অর্জনেও ইউরোপের সেরার মুকুট উঠেছে তাঁর মাথায়। আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপের মতো তারকাদের পেছনে ফেলে আবারও ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন ইংলিশ অধিনায়ক।

গত মৌসুমে বুন্দেসলিগায় ৩৬ গোল করে সবার ওপরে ছিলেন হ্যারি কেইন। ইউরোপিয়ান গোল্ডেন বুটের হিসাব অনুযায়ী, পেয়েছেন ৭২ পয়েন্ট। শেষ দিকে অন্য লিগের স্ট্রাইকাররা চেষ্টা করলেও তার অবস্থান আর নড়াতে পারেননি কেউ।

দ্বিতীয় স্থানে থাকা আর্লিং হলান্ডের গোল ছিল ২৭টি। ম্যানচেস্টার সিটি তারকা এই নরওয়েজিয়ান ফরোয়ার্ডের পয়েন্ট দাঁড়ায় ৫৪। আর তৃতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ফরাসি এই তারকা গত মৌসুমে ২৫ গোল করে পেয়েছেন ৫০ পয়েন্ট।

মজার ব্যাপার হলো, ভিক্টর গিওকেরেস ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩৯ গোল করেছিলেন। তবে তিনি খেলেছেন পর্তুগালের লিগে, যেখানে গোলের গুণফল ১.৫। ফলে বেশি গোল করেও গোল্ডেন বুট জেতা হয়নি স্পোর্টিংয়ের স্ট্রাইকারের।

গত শনিবার ডিএফবি-পোকাল ফাইনালেও কেইনের সামনে দাঁড়াতে পারেননি উনদাভ। হ্যাটট্রিক করে বায়ার্নকে শিরোপা জেতান ইংলিশ এই স্ট্রাইকার। ম্যাচ শেষে প্রতিপক্ষ হয়েও কেইনের প্রশংসায় মুগ্ধ কণ্ঠে উনদাভ বলেন, 'তাকে এক ইঞ্চি জায়গাও দেওয়া যায় না। দুই পায়েই অসাধারণ ফিনিশ করতে পারে। গোলের সামনে তার আলাদা এক অনুভূতি আছে। ওলিসে কিংবা দিয়াজকে যে পাসগুলো দেয়, সেগুলোও দুর্দান্ত। বিশ্বমানের খেলোয়াড় কাকে বলে, এটাই তার উদাহরণ।'

বায়ার্নের জার্সিতে কেইনের গোলসংখ্যা এখন অবিশ্বাস্য পর্যায়ে। ক্লাবটির হয়ে ১৪৭ ম্যাচে তিনি করেছেন ১৪৬ গোল। এর আগে ২০২৩-২৪ মৌসুমেও নিজের অভিষেক বছরে ৩৬ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি।

তবে ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার সম্প্রতি নিজের ভবিষ্যৎ নিয়েও ইঙ্গিত দিয়েছেন। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত থাকলেও নতুন চুক্তি নিয়ে আলোচনার মধ্যে কেইন বলেছেন, 'ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমি চুক্তি থেকে সর্বোচ্চটা পেতে চাই। খেলোয়াড় হিসেবে এটি সম্ভবত আমার শেষ দিকের একটি বড় চুক্তি হতে যাচ্ছে।'