তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন

স্পোর্টস ডেস্ক

২০১৬ সালে পেপ গার্দিওলা যখন ম্যানচেস্টার সিটিতে যোগ দেন, তখন এই স্প্যানিশ কোচ ইতিমধ্যেই একজন সফল ও প্রতিষ্ঠিত নাম। বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের হয়ে তত দিনে জিতে নিয়েছেন বড় বড় সব শিরোপা।

ট্রফিতে ঠাসা একটি দশক কাটানোর পর ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন গত শুক্রবার। এই বিদায়ের মধ্য দিয়ে ইংলিশ ফুটবলে এক বড় পরিবর্তনের ছাপ রেখে যাচ্ছেন তিনি।

গত ১০ বছরে সিটিকে ২০টি ট্রফি জিতিয়েছেন গার্দিওলা। এর মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ ও ক্লাবের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। মাঠের কৌশল ও পরিকল্পনা দিয়ে পুরো লিগের বাকি কোচদের যেভাবে অনুপ্রাণিত করেছেন, তাতে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যানেজার হিসেবেই তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

তার ফুটবলের প্রভাব কেবল প্রিমিয়ার লিগেই সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছে নীচের দিকের লিগগুলোতেও। বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলার যে চেনা ছক গার্দিওলা তৈরি করেছিলেন, তা একদম তৃণমূল থেকে শুরু করে শীর্ষ স্তরের দলগুলোও এখন অনুকরণ করার চেষ্টা করে।

ইতিহাদ স্টেডিয়ামে নিজের ফুটবল দর্শনের শেষ প্রদর্শনীটি তিনি দেখাবেন আগামী রবিবার। মৌসুমের শেষ ম্যাচে সেদিন অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি।

গতকাল এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘আমি তিন বছরের জন্য এসেছিলাম এবং বলেছিলাম দেখা যাক কী হয়। বাকিটা তো ইতিহাস।’ আসলেই, ম্যানচেস্টারে পা রাখার পর থেকে তিনি যা করেছেন, তা এক অনন্য ইতিহাস।