পরিসংখ্যানে আর্সেনাল-অ্যাতলেটিকো লড়াই
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগ ১-১ সমতায় শেষ হওয়ার পর এখন ফুটবল বিশ্বের নজর এমিরেটস স্টেডিয়ামের দিকে। আজ রাতে সেখানেই মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও অ্যাতলেটিকো মাদ্রিদ। বুদাপেস্টের ফাইনালে যাওয়ার টিকিট কে পাবে, তা নির্ধারণ হবে আজকের ম্যাচেই।
বর্তমানে দুই দলই বেশ ছন্দে আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে বেশ আত্মবিশ্বাসী আর্সেনাল। অন্যদিকে, ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে ।
দলের সেরা তারকাদের বিশ্রাম দেওয়ার সুযোগও পেয়েছেন কোচ দিয়েগো সিমেওনে। আর্সেনাল শিবিরের বড় সুখবর হলো বুকায়ো সাকার দলে ফেরা। মিকেল আর্তেতার আক্রমণভাগে সাকার উপস্থিতি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ—একই সঙ্গে দুই ট্রফি জেতার স্বপ্ন দেখছে গানার্সরা।আর অ্যাতলেটিকো ভরসা করছে তাদের জমাট রক্ষণ ও অভিজ্ঞতার ওপর। দলবদল নিয়ে আলোচনার কেন্দ্রে থাকা হুলিয়ান আলভারেজ আজ কেমন করেন, তা দেখার অপেক্ষায় সমর্থকরা।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
ঘরের মাঠে দাপট:স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে নিজেদের মাঠে শেষ ১৫ ম্যাচের মাত্র একটিতে হেরেছে আর্সেনাল। এর মধ্যে তারা টানা শেষ তিন ম্যাচে কোনো গোল না খেয়েই জিতেছে।
পুরানো স্মৃতি: চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ দলগুলোর বিপক্ষে এর আগে ৯ বার মুখোমুখি হয়ে ৫ বার জিতেছে গানার্সরা। ২০০৫-০৬ মৌসুমে ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে ওঠার সুখস্মৃতিও আছে তাদের।
অপরাজিত যাত্রা: এই আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি আর্সেনাল। ১০টি জয় ও ৩টি ড্র নিয়ে তারা দারুণ ফর্মে আছে।
পরিসংখ্যানে পিছিয়ে অ্যাতলেটিকো: ইংলিশ দল বিপক্ষে শেষ ১৩ ম্যাচের মাত্র দুটিতে জিতেছে স্প্যানিশ এই ক্লাবটি। প্রিমিয়ার লিগের দলগুলোর মাঠে খেলা শেষ চারটি ম্যাচেই হেরেছে তারা।
সেমিফাইনালে সফল সিমেওনের দল: অতীত পরিসংখ্যান বলছে, উয়েফার সেমিফাইনালে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে শতভাগ সফল । আগের তিনবারের লড়াইয়ে প্রতিবারই তারা জয় পেয়েছে।