শততম ম্যাচে মেসির গোল, ৩-০ তে এগিয়েও হারল মায়ামি
লিওনেল মেসির জন্য রাতটি ছিল মাইলফলকের। ইন্টার মায়ামির জার্সিতে নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। গোলও পেয়েছেন দুর্দান্ত এক শটে। কিন্তু তার এমন স্মরণীয় রাতটি মাটি করে দিল অরল্যান্ডো সিটি। ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে মেসির মায়ামি।
শনিবার নিজেদের নতুন ‘নু স্টেডিয়ামে’ প্রথম জয়ের খোঁজে মাঠে নেমেছিল মায়ামি। শুরুটা হয়েছিল দাপটের সঙ্গেই। ম্যাচের মাত্র ৪ মিনিটে ইয়ান ফ্রে গোল করে মায়ামিকে লিড এনে দেন। ২৫ মিনিটে ভেনেজুয়েলার মিডফিল্ডার টেলাস্কো সেগোভিয়া ব্যবধান দ্বিগুণ করেন।
এরপর ৩৩ মিনিটে দেখা মেলে সেই চিরচেনা জাদুর। ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করেন সাবেক বার্সেলোনা তারকা মেসি। ৩-০ তে এগিয়ে গিয়ে মায়ামি যখন বড় জয়ের স্বপ্ন দেখছে, তখনই শুরু হয় অরল্যান্ডোর অবিশ্বাস্য প্রত্যাবর্তন।
আর্জেন্টাইন কোচ গুইলারমো হোয়োসের অধীনে থাকা মায়ামি রক্ষণ ধরে রাখতে ব্যর্থ হয়। অরল্যান্ডোর হয়ে লড়াইয়ের শুরুটা করেন আরেক আর্জেন্টাইন মার্টিন ওজেদা। ৩৯ মিনিটে দূরপাল্লার শটে প্রথম গোল করার পর ৬৮ মিনিটে ডি-বক্সের প্রান্ত থেকে আবারও জাল কাঁপান তিনি। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার সঙ্গে দলকে ৩-৩ সমতায় ফেরান ওজেদা।
ম্যাচের ভাগ্য যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, তখনই যোগ করা সময়ে মায়ামিকে স্তব্ধ করে দেন টাইরেস স্পাইসার। রক্ষণভাগের ভুল সুযোগ নিয়ে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল জালে পাঠান তিনি। ফলে অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছাড়ে অরল্যান্ডো সিটি, আর মায়ামিকে পুড়তে হয় মৌসুমের দ্বিতীয় হারের যন্ত্রণায়।