‘এটি স্রেফ ডাকাতি’: রেফারিকে ধুয়ে দিলেন বার্সা ফরোয়ার্ড রাফিনহা

স্পোর্টস ডেস্ক

অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার বিদায়ের পর রেফারির ওপর ক্ষোভে ফেটে পড়েছেন ফরোয়ার্ড রাফিনহা। কোয়ার্টার ফাইনালের দুই লেগেই লাল কার্ড দেখে ১০ জন নিয়ে খেলা শেষ করতে হওয়ায় একে ‘ডাকাতি’ বলে অভিহিত করেছেন এই ব্রাজিলীয় তারকা।

চোটের কারণে দুই লেগেই মাঠের বাইরে থাকা রাফিনহা দুই ম্যাচের দুই রেফারি—ক্লেমেন্ট টার্পিন ও ইস্তভান কোভাকসের বিরুদ্ধে তার দলকে ‘লুট’ করার অভিযোগ তুলেছেন। মঙ্গলবার রাতে ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার কাছে এটি স্রেফ ডাকাতি ছিল; কেবল এই ম্যাচটি নয়, প্রথম লেগটিও।’

উয়েফার এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট থেকে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে অ্যাতলেটিকোর কাছে হেরে বার্সার বিদায়ের পর রাফিনহা আরও বলেন, ‘আমার মনে হয় রেফারি খুব খারাপ কাজ করছেন। তিনি (টার্পিন) যেসব সিদ্ধান্ত নিয়েছেন তা অবিশ্বাস্য। আমি সত্যি বুঝতে চাই তারা বার্সেলোনা জিতে যাবে বলে কেন এত ভয় পায়?’

ম্যাচ শেষের বাঁশি বাজার পর টেলিভিশনের ক্যামেরায় দেখা যায়, রাফিনহা হাত দিয়ে বারবার চুরির ইঙ্গিত করছেন। নিজের হতাশা প্রকাশ করে তিনি যোগ করেন, ‘এটি অত্যন্ত কঠিন ছিল, বিশেষ করে যখন আপনি বুঝতে পারেন যে ম্যাচ জিততে হলে আপনাকে অন্যদের চেয়ে তিন গুণ বেশি কঠোর পরিশ্রম করতে হবে। সবাই ভুল করতে পারে, সবাই মানুষ। কিন্তু যখন একই ভুল বারবার একই ভাবে হতে থাকে, তখন আমাদের সতর্ক হওয়া প্রয়োজন।’

গত সপ্তাহের প্রথম লেগে ৪২ মিনিটে পাউ কুবার্সিকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি ইস্তভান কোভাকস। আর মঙ্গলবার ফিরতি লেগে একই পরিণতি হয় এরিক গার্সিয়ার। ভিএআর রিভিউ শেষে আলেকজান্ডার সরলোথকে বাধা দেওয়ার দায়ে তাকে মাঠ থেকে বের করে দেন রেফারি টার্পিন।

উল্লেখ্য, প্রথম লেগের শুরুতেই একটি পেনাল্টির আবেদন নাকচ হওয়ায় উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছিল বার্সেলোনা, যা পরবর্তীতে বাতিল করে দেওয়া হয়। বার্সার দাবি ছিল, অ্যাতলেটিকো গোলরক্ষক হুয়ান মুসো গোল কিক নেওয়ার পর ডি-বক্সের ভেতর হ্যান্ডবল হয়েছিল। কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং ভিএআর-ও কোনো হস্তক্ষেপ করেনি। সেই ক্ষোভেরই যেন বহিঃপ্রকাশ ঘটালেন রাফিনহা।