এল ক্লাসিকোতেই বার্সেলোনা শিরোপা উৎসব?

ক্যাম্প ন্যুতে রিয়ালের সামনে 'গার্ড অব অনার' এর অস্বস্তি!
স্পোর্টস ডেস্ক

ফুটবলের স্মৃতিশক্তি ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু একটি বাজে মৌসুমের ক্ষত থেকে যায় দীর্ঘকাল। কোপা দেল রে থেকে বিদায় এবং চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খাদের কিনারে থাকা রিয়াল মাদ্রিদ এখন এক বিধ্বস্ত মৌসুমের ভার বয়ে বেড়াচ্ছে। টানা দ্বিতীয় মৌসুমে শিরোপাহীন থাকার সম্ভাবনা, এখন যেন অনেকটাই বাস্তবতা।

লা লিগায় শিরোপার দ্বারপ্রান্তে থাকা বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে আছে সুস্পষ্ট ৯ পয়েন্টের ব্যবধানে রিয়াল। শিরোপা দৌড়ে এই অলঙ্ঘনীয় ব্যবধানের কারণে রিয়ালের সামনে এখন কেবলই নিজেদের সম্মানটুকু বাঁচানোর লড়াই। কোচ আলভারো আরবেলোয়ার শিষ্যদের জন্য সেই প্রায়শ্চিত্তের কঠিন মঞ্চ হতে যাচ্ছে বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যু।

আগামী ১০ মে এল ক্লাসিকোর মধ্য দিয়ে বাজতে পারে বার্সেলোনার শিরোপা উৎসবের বাঁশি। ওই ক্লাসিকোর আগে দুই দলেরই লিগে তিনটি করে ম্যাচ বাকি রয়েছে। বার্সেলোনা নিজেদের মাঠে খেলবে সেল্টা ভিগোর বিপক্ষে, এরপর অ্যাওয়ে ম্যাচ রয়েছে গেতাফে ও ওসাসুনার বিপক্ষে। অন্যদিকে রিয়াল ঘরের মাঠে লড়বে আলাভেসের বিপক্ষে, আর অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ বেতিস ও এস্পানিওল।

দুই দলই যদি নিজেদের সবগুলো ম্যাচ জেতে, তবে ৯ পয়েন্টের ব্যবধান নিয়েই ক্লাসিকোতে নামবে তারা। সেক্ষেত্রে নিজেদের মাঠে রিয়ালকে হারাতে পারলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সার। কিন্তু রিয়াল যদি এর মধ্যে কোনো একটি ম্যাচেও হোঁচট খায় এবং বার্সা নিজেদের ম্যাচগুলোতে জয় পায়, তবে ক্লাসিকোর আগেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে হান্সি ফ্লিকের দলের।

গাণিতিকভাবে, বার্সেলোনাকে তাদের নিজেদের মাঠে শিরোপা উদযাপন থেকে বঞ্চিত করতে হলে রিয়ালকে বাকি তিনটি ম্যাচেই জিততে হবে এবং প্রার্থনা করতে হবে বার্সা যেন অন্তত একবার পয়েন্ট হারায়।

যদি রিয়াল মাদ্রিদের দুঃসময় অব্যাহত থাকে এবং এল ক্লাসিকোর আগেই বার্সেলোনা লিগ শিরোপা জিতে যায়, তবে ক্যাম্প ন্যু-তে রিয়ালকে শুধু একটি ম্যাচই খেলতে হবে না, পড়তে হবে 'গার্ড অব অনার' দেওয়ার চরম অস্বস্তিতেও।

এই স্টেডিয়ামে এমন ঘটনার একমাত্র নজির রয়েছে ১৯৮৮ সালে, যখন লিগ চ্যাম্পিয়ন রিয়ালের ‘কিন্তা দেল বুইত্রে’ প্রজন্মকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানিয়েছিল বার্সা। কিন্তু ২০১৮ সালে পরিস্থিতি যখন উল্টো ছিল, তখন রিয়াল কোচ জিনেদিন জিদান সাফ জানিয়ে দিয়েছিলেন, 'আমরা বার্সাকে কোনো গার্ড অব অনার দেব না, এটাই আমার সিদ্ধান্ত।' এবার আরবেলোয়ার দল কী করবে, সেটিই এখন বড় আলোচনার বিষয়।

তবে এসব হিসেব-নিকেশের আগে তো মাঠের খেলা। আরবেলোয়ার দলের সামনে এখনো চ্যাম্পিয়ন্স লিগ বাঁচানোর ক্ষীণ আশা রয়েছে, যদিও প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্নের কাছে ১-২ ব্যবধানে হেরে বসে আছে তারা। আর লা লিগার শিরোপা তো কোনো অলৌকিক কিছু না ঘটলে বার্সেলোনার ঘরেই যাচ্ছে। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের পর থেকেই পথ হারাতে শুরু করা রিয়াল মাদ্রিদ যদি ক্লাসিকোতেও হারে, তবে তা হবে ভুলে যাওয়ার মতো এক মৌসুমের কফিনে শেষ পেরেক।