অ্যাতলেতিকোর বিপক্ষে অলৌকিক কিছু নয়, নিখুঁত খেলার প্রত্যাশা বার্সা কোচের

স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে দুই গোলের ব্যবধানে হার। সেখানে প্রতিপক্ষের মাঠ থেকে সেই ব্যবধান ঘুচিয়ে জয় তুলে নেওয়া বেশ কঠিন কাজ। কিন্তু মঙ্গলবার রাতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে শিষ্যদের আত্মবিশ্বাসের মন্ত্রে উজ্জীবিত করেছেন বার্সা বস। তার স্পষ্ট বার্তা: সেমিফাইনালে যেতে কোনো জাদুর প্রয়োজন নেই, শুধু নিজেদের স্বাভাবিক আর নিখুঁত খেলাটাই যথেষ্ট।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকোর কাছে হারলেও, সেই ম্যাচে নিজেদের আধিপত্যের কথা দলকে মনে করিয়ে দিয়ে আত্মবিশ্বাসী এই জার্মান কোচ বলেন, ‘আমাদের কোনো অলৌকিক কিছুর প্রয়োজন নেই, আমাদের শুধু নিজেদের নিখুঁত খেলাটা খেলতে হবে। বুধবারের (প্রথম লেগ) ম্যাচে আমরাই সেরা দল ছিলাম, তাই এখনো অনেক কিছুই সম্ভব।’

প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন তিনি। ফ্লিক যোগ করেন, ‘অ্যাতলেতিকো দুর্দান্ত একটি দল, তবে আমাদের দলটাও অসাধারণ। সবাই প্রমাণ করতে চায় যে আমরা এই বাধা পার হতে পারি, এবং আমরা শেষ পর্যন্ত লড়াই করতে যাচ্ছি।’

অ্যাতলেটিকোর বিপক্ষে এই মহারণের আগে এস্পানিওলের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জিতেছে বার্সা। জয়টা দলের জন্য দারুণ অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। লিগে ৯ পয়েন্টের পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে মনোযোগ দিতে পারছে দলটি।

দলের আক্রমণভাগের বর্তমান ফর্ম চ্যাম্পিয়ন্স লিগের আগে কোচকে বাড়তি ভরসা দিচ্ছে। ডার্বি ম্যাচে জোড়া গোল করেছেন ফেরান তোরেস, শেষদিকে জালের দেখা পেয়েছেন মার্কাস রাশফোর্ডও। এছাড়া লা লিগায় নিজের শততম ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়ে ফ্লিক বলেন, ‘আমি ফেরানের জন্য খুবই আনন্দিত। দল এখন দারুণ ছন্দে আছে, দলের ভেতরের পরিবেশটাও চমৎকার। লামিনেও অসাধারণ খেলেছে।’

চ্যাম্পিয়ন্স লিগের এমন বড় ম্যাচের আগে চোট কাটিয়ে ফ্যাঙ্কি ডি ইয়ং এবং দানি ওলমোর মাঠে ফেরাটা বার্সার জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর। এস্পানিওলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বার্সা যখন কিছুটা নিয়ন্ত্রণ হারিয়েছিল, তখন এই দুজনের বদলি হিসেবে মাঠে নামাটাই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।