বার্নার্দোকে আজীবন সিটিতে চান ‘তিতিবিরক্ত’ গার্দিওলা
ম্যানচেস্টার সিটির অধিনায়ক বার্নার্দো সিলভার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশার মধ্যে থাকা দলটির কোচ পেপ গার্দিওলা স্বীকার করেছেন যে, তিনি এই পর্তুগিজ তারকার ওপর বিরক্ত হয়ে আছেন।
বার্নার্দো চলমান ২০২৫-২৬ মৌসুম শেষে বিদায় নিচ্ছেন বলে কিছুদিন আগে নিশ্চিত করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সহকারী কোচ পেপ লাইন্ডার্স। লিভারপুলের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যান সিটির ৪-০ গোলের জয়ের পর গণমাধ্যমকে তিনি বলেন, 'প্রতিটি সুন্দর গল্পেরই সমাপ্তি থাকে। আমি আশা করি, সে এখানে তার শেষ মাসগুলো উপভোগ করবে।'
তবে আগামী রোববার চেলসির বিপক্ষে অনুষ্ঠেয় প্রিমিয়ার লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্দিওলা জানান, বার্নার্দোর ক্লাব ছাড়ার পরিকল্পনা সম্পর্কে তিনি এখনও কিছুই জানেন না।
সিটির এই তারকা স্প্যানিশ কোচ বলেন, 'আমি বার্নার্দোর ওপর তিতিবিরক্ত হয়ে আছি। কারণ মাসখানেক আগেই আমি তাকে বলেছিলাম, "তুমি যদি কোনো সিদ্ধান্ত নাও, তবে আমি যেন সবার আগে সেটি জানতে পারি।" কিন্তু সে এখন পর্যন্ত আমাকে কিছুই বলেনি। তাই আমার মনে হয়, এই ব্যাপারে কথা বলার সঠিক ব্যক্তি বার্নার্দো নিজেই। সে আমাকে কিছু না বলায় আমি জানি না আসলে কী ঘটছে।'
২০১৭ সালে ফরাসি ক্লাব মোনাকো থেকে সিটিতে যোগ দিয়েছিলেন বার্নার্দো। ৩১ বছর বয়সী পর্তুগিজ এই মিডফিল্ডার ইতিহাদ স্টেডিয়ামে তার নয় বছরের দীর্ঘ অধ্যায়ে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। বর্তমান মৌসুম শেষ হওয়ার পর চুক্তির মেয়াদ ফুরিয়ে গেলে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়বেন তিনি।
বার্নার্দোর ভবিষ্যৎ নিয়ে গার্দিওলার চাওয়া পরিষ্কার। তিনি বলেন, 'আমি মনেপ্রাণে চাইব, সে এখানে থেকে যাক এবং এখানেই ক্যারিয়ার শেষ করুক।'
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ যোগ করেন, 'আমি জানি না কী হবে। সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। সে নিশ্চয়ই ক্লাবকে এবং আপনাদের অর্থাৎ সংবাদমাধ্যম, ভক্ত ও সবাইকে তা জানাবে। সিদ্ধান্তটা একান্তই তার। তবে আমাদের জন্য সে ছিল এক অবিশ্বাস্য সাইনিং। তার পরিসংখ্যান, মাঠে কাটানো সময় এবং জেতা শিরোপার সংখ্যাই সেটার প্রমাণ। বিশেষ করে কঠিন মুহূর্তগুলোতে সে অসাধারণ। যখন সবকিছু কঠিন হয়ে পড়ে, তখন একজন খেলোয়াড় কীভাবে নিজেকে উজাড় করে দেয় এবং বলে "আমি এখানে সাহায্য করার জন্য আছি", আমি সেসব দিয়েই তাদেরকে বিচার করি।'
গত মাসে ইএফএল কাপ জেতার পর এবারের মৌসুমের শেষ পর্যায়ে এসে ঘরোয়া 'ট্রেবল' জয়ের দৌড়ে টিকে আছে ম্যান সিটি। তবে এফএ কাপের সেমিফাইনালে উঠলেও প্রিমিয়ার লিগের শীর্ষস্থানধারী আর্সেনালের চেয়ে তারা ৯ পয়েন্টে পিছিয়ে রয়েছে। যদিও তাদের হাতে একটি ম্যাচ জমা রয়েছে। আগামী ১৯ এপ্রিল ম্যানচেস্টারে মুখোমুখি হবে এই দুই দল, যা শিরোপার লড়াইয়ে নির্ধারক ম্যাচ হতে পারে।
এই প্রসঙ্গে গার্দিওলা বলেন, 'আমাদের অনেক পয়েন্ট জিততে হবে। পুরো মৌসুমে আমরা যথেষ্ট ধারাবাহিক ছিলাম না। যেসব পয়েন্ট আমাদের পাওয়া উচিত ছিল, সেগুলো আমরা হারিয়েছি। আর এই কারণেই এখন আমরা এমন এক অবস্থানে আছি, যেখানে অন্য কোনোভাবে ভাবার সুযোগ নেই।'