পেনাল্টি না দেওয়ায় উয়েফায় আনুষ্ঠানিক অভিযোগ বার্সার

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে নিজেদের মাঠে ২-০ গোলে হেরে গেছে বার্সেলোনা। এই হারের চেয়েও রেফারিং নিয়ে তাদের ক্ষোভটা এখন অনেক বেশি। সেই ক্ষোভ এবার ডাগআউট ছাড়িয়ে উয়েফার সদর দপ্তর পর্যন্ত গড়িয়েছে। রেফারির বিতর্কিত ভূমিকা ও ভিএআরের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বৃহস্পতিবার উয়েফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে কাতালান ক্লাবটি।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর দিকের একটি ঘটনাকে কেন্দ্র করেই মূলত এই বিতর্কের সূত্রপাত। ৫৪তম মিনিটে অ্যাতলেতিকোর গোলরক্ষক হুয়ান মুসসো গোলকিক থেকে বল মাঠে গড়ানোর পর, সেটি পুনরায় নেওয়ার জন্য সিক্স-ইয়ার্ড বক্সের ভেতর হাত দিয়ে বল ধরেন ডিফেন্ডার মার্ক পিউবিল। নিয়ম অনুযায়ী এটি স্পষ্ট পেনাল্টি হলেও রেফারি ইস্তভান কোভাকস খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। বিস্ময়করভাবে ভিএআর দলও রেফারিকে মনিটর দেখার জন্য ডাকেনি। রেফারির এমন সিদ্ধান্তে মাঠের খেলোয়াড়দের পাশাপাশি ডাগআউটে থাকা বার্সেলোনার বেঞ্চও তীব্র ক্ষোভে ফেটে পড়ে।

এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সেলোনা জানায়, অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ঘটনাগুলো নিয়ে ক্লাবের আইনি বিভাগ উয়েফার কাছে একটি অভিযোগ জমা দিয়েছে। বিবৃতিতে ৫৪তম মিনিটের ওই নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করে বলা হয়, খেলা সঠিকভাবে শুরু হওয়ার পর প্রতিপক্ষের একজন খেলোয়াড় নিজেদের বক্সে হাত দিয়ে বল ধরলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি।

বার্সেলোনা মনে করে, রেফারির এই সিদ্ধান্ত এবং ভিএআরের হস্তক্ষেপ না করাটা একটি বড় ধরনের ভুল। এর প্রেক্ষিতে ক্লাবটি একটি সুষ্ঠু তদন্ত, রেফারিদের মধ্যকার কথোপকথন বা কমিউনিকেশন প্রকাশ এবং প্রয়োজনে এই ভুলের আনুষ্ঠানিক স্বীকৃতি ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ফুটবল মাঠে অবশ্য এ ধরনের ঘটনার ব্যাখ্যা একেক সময় একেক রকম দেখা গেছে। যেমন, ২০২৪ সালের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়ার নেওয়া কিকের পর ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহেস হাত দিয়ে বল ধরলেও বায়ার্ন মিউনিখকে পেনাল্টি দেওয়া হয়নি। তবে একই বছরের শেষের দিকে অ্যাস্টন ভিলা বনাম ক্লাব ব্রুজের ম্যাচে ঠিক একই রকম একটি ঘটনায় ভিএআর হস্তক্ষেপ করেছিল। সেবার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের পাসের পর ডিফেন্ডার টাইরন মিংস বল হাতে ধরায় পেনাল্টি পেয়েছিল ক্লাব ব্রুজ।