ইতালি কোচের সতর্কবার্তা: বসনিয়ার বিপক্ষে ‘আগুনঝরা’ লড়াই
ইতালির সামনে এখন শেষ বাধা বসনিয়া ও হার্জেগোভিনা। বিশ্বকাপ প্লে-অফ ফাইনালে এই প্রতিপক্ষকেই মোকাবিলা করতে হবে জেনে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ জেন্নেরো গাত্তুসো, আর শুরুতেই সতর্ক বার্তা, 'এটা হবে আগুনঝরা এক ম্যাচ।'
নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারানোর পরও প্রতিপক্ষ নির্ধারণে অপেক্ষা করতে হয়েছে ইতালিকে। কার্ডিফে এডেন জেকোর সমতায় ওয়েলস-বসনিয়া ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, পরে পেনাল্টি শুটআউটে নিশ্চিত হয় বসনিয়ার জয়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গাত্তুসো বলেন, 'কার্ডিফে গেলেও এমনই উত্তপ্ত পরিবেশ পেতাম। বসনিয়া দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, আর ওয়েলসের তুলনায় তারা একেবারেই আলাদা ধাঁচের। তারা রক্ষণে গুছিয়ে থাকে, ফরোয়ার্ডদের ওপর নির্ভর করে, তাই ম্যাচটা কঠিন হবেই।'
নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পথও সহজ ছিল না। ৫৬ মিনিটে সান্দ্রো তোনালির দুর্দান্ত গোলে এগিয়ে যায় ইতালি, পরে তারই অ্যাসিস্টে ব্যবধান বাড়ান ময়েজ কিন।
তবে প্রথমার্ধে নিজেদের পরিকল্পনা থেকে ছিটকে পড়ার কথা স্বীকার করেছেন গাত্তুসো, 'লোকাতেল্লিকে অনেক নিচে খেলানোর ভুলে আমরা গঠন হারাই, এমনকি মানচিনিকে ফুল-ব্যাকের ভূমিকায় যেতে হয়, যা একেবারেই পরিকল্পনায় ছিল না।'
তার ভাষায়, ইতালির উচিত ছিল প্রতিপক্ষের মিডফিল্ডকে টেনে এনে ফরোয়ার্ডদের কাজে লাগানো। কিন্তু তারা বারবার ডান দিক দিয়ে আক্রমণে ঝুঁকেছে, যা কার্যকর হয়নি। 'নর্দার্ন আয়ারল্যান্ড আমাদের কিছুটা চমকেও দিয়েছে, কারণ তারা প্রত্যাশার চেয়ে বেশি পাসিং ফুটবল খেলেছে,' যোগ করেন ইতালি কোচ।
টাচলাইনে গাত্তুসোর স্বভাবসুলভ আগ্রাসনও এদিন অনেকটাই নিয়ন্ত্রিত ছিল। 'খেয়াল করলে দেখবেন, প্রথমার্ধে আমি বেশ শান্ত ছিলাম। যদিও ভেতরে ভেতরে ক্ষুব্ধ ছিলাম, কারণ আমরা পরিকল্পনা অনুযায়ী খেলিনি,' বলেন তিনি। দ্বিতীয়ার্ধে অবশ্য ইতালির উন্নত পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি।
ছোট ভেন্যুতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্তকেও সঠিক মনে করছেন গাত্তুসো। তার মতে, বড় স্টেডিয়ামে হলে দর্শকদের চাপ পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারত।
ইনজুরি নিয়েও কিছুটা দুশ্চিন্তা রয়েছে ইতালি শিবিরে। আলেসান্দ্রো বাস্তোনি চোট থেকে সদ্য ফিরেই হলুদ কার্ড দেখার পর বদলি হন। গাত্তুসো জানান, ঝুঁকি না নিতেই এই সিদ্ধান্ত। এছাড়া জিয়ানলুকা স্কামাক্কা সামান্য চোটে থাকলেও পরের ম্যাচে তাকে পাওয়ার আশা রয়েছে।