'শত্রুভাবাপন্ন' দেশে ক্রীড়া দল পাঠানো নিষিদ্ধ করল ইরান
সৌদি আরবে ইরানি ও আমিরাতি ক্লাবের মধ্যকার একটি নির্ধারিত ম্যাচের আগে 'শত্রু' হিসেবে বিবেচিত দেশগুলোতে ক্রীড়া দল পাঠানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। বৃহস্পতিবার দেশটির সরকার এই ঘোষণা দেয়।
গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার প্রায় এক মাস পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ-এর বরাত দিয়ে দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শত্রুভাবাপন্ন এবং ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা দিতে অক্ষম—এমন দেশে জাতীয় বা ক্লাব দল পাঠানো নিষিদ্ধ করা হয়েছে।'
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সৌদি আরবের মাটিতে আমিরাতের একটি ক্লাবের সঙ্গে ইরানি ক্লাব 'ট্রাক্টর'-এর ম্যাচ নিয়ে তৈরি হওয়া উত্তেজনার প্রেক্ষাপটে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়ার জন্য ফুটবল ফেডারেশন ও ক্লাবগুলো এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) বিষয়টি জানাতে বাধ্য থাকবে।
আগামী জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে ইরান এই কঠোর পদক্ষেপ নিল। বিশ্বকাপে কোয়ালিফাই করা ইরানের সঙ্গে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে হওয়ার কথা রয়েছে।
এদিকে চলতি মাসে এশিয়ান কাপ চলাকালীন জাতীয় সংগীত গাইতে অস্বীকার করে ইরানের নারী ফুটবল দলের ছয়জন খেলোয়াড় ও একজন স্টাফ অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। এই ঘটনার পর তেহরান তাঁদের 'দেশদ্রোহী' হিসেবে আখ্যা দেয়। তবে পরে তাঁদের মধ্যে পাঁচজন ইরানে ফিরে এলেও বাকি দুজন অস্ট্রেলিয়াতেই থেকে গেছেন।