প্লে-অফ মিশনে ইতালি দলে ফিরলেন কিয়েসা
বিশ্বকাপে টানা তৃতীয়বার না খেলার ভয় সামনে রেখে লড়াইয়ে নামতে যাচ্ছে ইতালি। আর সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে দলে ফিরলেন এক পরিচিত নাম। অভিজ্ঞতা, প্রত্যাবর্তন আর নতুনদের সমন্বয়ে স্কোয়াড সাজিয়েছেন কোচ জেন্নারো গাত্তুসো।
লিভারপুল ফরোয়ার্ড ফেদেরিকো কিয়েসাকে আবারও জাতীয় দলে ফিরিয়েছেন গাত্তুসো। ইউরো ২০২১ জয়ের অন্যতম নায়ক কিয়েসা, ইউরো ২০২৪-এ সুইজারল্যান্ডের কাছে শেষ ষোলোতে হারের পর থেকে আর ইতালির জার্সিতে খেলেননি।
তবে দলে নেই টটেনহ্যামের গোলরক্ষক গুলিয়েলমো ভিকারিও। ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে হার্নিয়া অপারেশনের জন্য তাকে ছিটকে যেতে হচ্ছে। যদিও শেষ বিশ্বকাপ বাছাইপর্বে মলদোভার বিপক্ষে ২-০ জয়ে খেলেছিলেন তিনি, পরের ম্যাচে নরওয়ের বিপক্ষে বড় হারের সময় ছিলেন বেঞ্চে।
২৬ মার্চ বার্গামোতে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইতালির প্লে-অফ যাত্রা। সেই ম্যাচে জিততে পারলে ৩১ মার্চ ওয়েলস ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে তারা। এই পথ পাড়ি দিতে পারলেই মিলবে ২০২৬ বিশ্বকাপের টিকিট, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আর ব্যর্থ হলে, টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করার লজ্জায় পড়বে আজ্জুরিরা।
স্কোয়াডে ফিরেছেন আতালান্তার ২২ বছর বয়সী ডিফেন্ডার জর্জিও স্কালভিনি, যিনি ইউরো ২০২৪-এর আগে গুরুতর হাঁটুর চোটে পড়েছিলেন। একইসঙ্গে জায়গা পেয়েছেন রোমার তরুণ মিডফিল্ডার নিকোলো পিসিল্লি। আর প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্যালিয়ারির ২১ বছর বয়সী ডিফেন্ডার মার্কো পালেস্ত্রা।
অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এই স্কোয়াডে আছেন নিকোলো বারেলা, সান্দ্রো তোনালি, মানুয়েল লোকাতেল্লিদের মতো মিডফিল্ড স্তম্ভরা। আক্রমণে কিয়েসার সঙ্গে থাকবেন ময়েজ কিন, জিয়ানলুকা স্কামাক্কা, মাতেও রেতেগুইরা।
ইতালির পূর্ণাঙ্গ স্কোয়াড:
গোলরক্ষক: এলিয়া ক্যাপ্রিলে, মার্কো কার্নেসেক্কি, জিয়ানলুইজি দোন্নারুম্মা, অ্যালেক্স মেরেত
ডিফেন্ডার: আলেসান্দ্রো বাস্তোনি, আলেসান্দ্রো বুয়োনজর্নো, রিকার্দো কালাফিওরি, আন্দ্রেয়া কাম্বিয়াসো, দিয়েগো কোপ্পোলা, ফেদেরিকো দিমার্কো, ফেদেরিকো গাত্তি, জিয়ানলুকা মানচিনি, মার্কো পালেস্ত্রা, জর্জিও স্কালভিনি, লিওনার্দো স্পিনাজ্জোলা
মিডফিল্ডার: নিকোলো বারেলা, ব্রায়ান ক্রিস্তান্তে, দাভিদে ফ্রাত্তেসি, মানুয়েল লোকাতেল্লি, নিকোলো পিসিল্লি, সান্দ্রো তোনালি
ফরোয়ার্ড: ফেদেরিকো কিয়েসা, ফ্রানচেস্কো পিও এসপোসিতো, ময়েজ কিন, মাত্তেও পলিতানো, জিয়াকোমো রাস্পাদোরি, মাতেও রেতেগুই, জিয়ানলুকা স্কামাক্কা।