এমবাপে-বেলিংহ্যামকে নিয়েই ম্যানচেস্টারে রিয়াল
কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামকে দলে নিয়েই ইংল্যান্ডে পাড়ি দিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচের আগে এই দুই তারকার অন্তর্ভুক্তি কিছুটা স্বস্তি এনে দিয়েছে মাদ্রিদ শিবিরে।
মঙ্গলবার ম্যানচেস্টারে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ঘোষিত ভ্রমণকারী দলে রাখা হয়েছে এমবাপে ও বেলিংহ্যামকে। তবে চোটের কারণে দুজনই কিছুদিন ধরে মাঠের বাইরে থাকায় শেষ পর্যন্ত ম্যাচডে স্কোয়াডে তারা থাকবেন কি না, সেটি এখনও নিশ্চিত নয়।
ফরাসি তারকা এমবাপে গত ডিসেম্বরের শুরু থেকে বাম হাঁটুর অস্বস্তিতে ভুগছেন। সর্বশেষ ২১ ফেব্রুয়ারির পর আর মাঠে নামা হয়নি তার। যদিও গত সপ্তাহে তিনি দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। সোমবারের অনুশীলনে উন্নতি হলে ম্যাচে কিছু সময়ের জন্য তাকে মাঠে নামানোর সম্ভাবনাই বেশি।
এদিকে ইংল্যান্ডের মিডফিল্ডার বেলিংহ্যাম ১ ফেব্রুয়ারি থেকে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। গত মাসে রায়ো ভায়েকানোর বিপক্ষে ২–১ গোলের জয়ের ম্যাচে চোট পান তিনি। প্রথমে ধারণা করা হয়েছিল মার্চের শুরুতেই ফিরবেন, কিন্তু পরে জানা যায় ইনজুরিটি কিছুটা জটিল। তাই তার পুনরুদ্ধারের সময়সীমা বাড়িয়ে ছয় থেকে আট সপ্তাহ করা হয়। তবুও ম্যানচেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয় লেগে তাকে ফেরানোর আশা করছে ক্লাবটি।
প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে দাপুটে জয়ে অনেকটাই এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। সেদিন উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দের হ্যাটট্রিকে ৩–০ ব্যবধানে জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা। ফলে ম্যানচেস্টারের দ্বিতীয় লেগে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে স্বাগতিকদের জন্য।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে ৩৮ গোল করেছেন। তবে হাঁটুর চোট পুরোপুরি সেরে ওঠার আগেই মাঠে নামলে সমস্যা বাড়তে পারে, এমন আশঙ্কাও ছিল ক্লাবের চিকিৎসকদের মধ্যে। এ কারণেই কোচ আলভারো আরবেলোয়া আগেই জানিয়েছিলেন, এমবাপেকে পুরোপুরি সুস্থ হয়ে আত্মবিশ্বাস নিয়ে ফেরার সুযোগ দিতে ক্লাব তাকে বিশ্রাম দিয়েছে। চলতি মাসের শুরুতে অতিরিক্ত পরীক্ষা করাতে প্যারিসেও গিয়েছিলেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলেই জানিয়েছে তার ঘনিষ্ঠ মহল।
অন্যদিকে বেলিংহ্যামও চিকিৎসকের পরামর্শ নিতে লন্ডনে গিয়েছিলেন, যেখানে রিয়ালের মেডিকেল দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ছয় গোল ও চার অ্যাসিস্ট করেছেন এই ইংলিশ তারকা।
এদিকে প্রথম লেগে না থাকা ডিফেন্ডার আলভারো কারেরাস ও দাভিদ আলাবাকেও স্কোয়াডে রাখা হয়েছে। তবে দলে নেই ফেরলাঁ মেন্দি ও রাউল আসেনসিও। চোটের কারণে বাইরে আছেন দানি সেবায়োস। দীর্ঘমেয়াদি ইনজুরিতে এখনও অনুপস্থিত দুই ব্রাজিলিয়ান এদের মিলিতাও ও রদ্রিগো।