নিজেদের অর্ধ থেকে গুলেরের গোল, রিয়ালের সহজ জয়

স্পোর্টস ডেস্ক

নিজেদের অর্ধ থেকে আরদা গুলের করলেন চোখ ধাঁধানো একটি গোল। পাশাপাশি দুর্দান্ত ফর্মে থাকা ফেদে ভালভার্দে ফের খুঁজে নিলেন জাল। লক্ষ্যভেদ করলেন অ্যান্টোনিও রুডিগার আর ডিন হাউসেনও। সব মিলিয়ে স্প্যানিশ লা লিগায় এলচেকে ঘরের মাঠে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে ৪-১ গোলে জিতেছে লস ব্লাঙ্কোরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান মাত্র ১ পয়েন্টে কমিয়ে আনল তারা। ২৮ ম্যাচে রিয়াল অর্জন করেছে ৬৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বার্সার নামের পাশে রয়েছে ৬৭ পয়েন্ট।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করে সপ্তাহজুড়ে আলোচনায় ছিলেন উরুগুইয়ান মিডফিল্ডার ভালভার্দে। এলচের বিপক্ষে প্রথমার্ধেই ডি-বক্সের কোণা থেকে এক বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। এর আগেই অবশ্য জার্মান ডিফেন্ডার রুডিগার স্বাগতিকদের লিড এনে দেন।

কোচ আলভারো আরবেলোয়ার শিষ্যদের পক্ষে ম্যাচের তৃতীয় গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার হাউসেন। তবে রাতের সেরা মুহূর্তটি উপহার দেন তুর্কি প্লেমেকার গুলের। প্রতিপক্ষের গোলরক্ষক মাতিয়াস দিতুরোকে গোলপোস্ট ছেড়ে অনেকটা সামনে এগিয়ে থাকতে দেখে মাঝমাঠের কাছ থেকেই দূরপাল্লার নিখুঁত শটে বল জালে জড়ান তিনি।

আগামী মঙ্গলবার রাতে সিটির বিপক্ষে ফিরতি লেগে খেলতে নামবে রিয়াল, যেখানে তাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। ওই বড় ম্যাচের কথা মাথায় রেখে ভিনিসিয়ুস জুনিয়র, ভালভার্দে ও আহেলিয়া চুয়ামেনিদের বিশ্রাম দিতে দ্বিতীয়ার্ধের শুরু দিকে উঠিয়ে নেন স্প্যানিশ কোচ আরবেলোয়া। তাদের জায়গায় মাঠে নামানো হয় একঝাঁক তরুণ ফুটবলারকে। চোট সংক্রান্ত সমস্যার কারণে জুড বেলিংহাম ও রদ্রিগোকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে রিয়ালকে। তবে সুখবর হলো, হাঁটুর চোট কাটিয়ে আগামী সপ্তাহে ফিরতে পারেন বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে।

সিটিকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা রিয়াল ম্যাচের শুরুতে কিছুটা বাধার মুখে পড়লেও ধীরে ধীরে এলচের রক্ষণ ভেঙে দেয়। ৩৯তম মিনিটে ভালভার্দের ফ্রি-কিক দিতুরো ফিরিয়ে দিলেও বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় সফরকারীরা। ফিরতি বলে জোরালো শটে জাল কাঁপান রুডিগার। বিরতির ঠিক আগে ভালভার্দে ব্যবধান দ্বিগুণ করেন। ডি-বক্সের প্রান্তে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ফিনিশিংয়ের মাধ্যমে নিজের শেষ তিন ম্যাচে পঞ্চম গোলের স্বাদ নেন তিনি।

ম্যাচ যখন পুরোপুরি রিয়ালের নিয়ন্ত্রণে, তখন আরবেলোয়া ১৮ বছর বয়সী উইঙ্গার দানিয়েল ইয়ানেজসহ বেশ কয়েকজন তরুণকে মাঠে নামান। ইয়ানেজের ক্রস থেকেই ৬৬তম মিনিটে হেডে দলের তৃতীয় গোলটি করেন হাউসেন। অবশ্য ম্যাচের ৮৫তম মিনিটে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন বদলি মিডফিল্ডার মানুয়েল আনহেল।

তবে খেলার একদম শেষদিকে সব আলো নিজের দিকে টেনে নেন গুলের। নিজেদের অর্ধ থেকে তার নেওয়া অবিশ্বাস্য শট এলচের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে গিয়ে জালে আছড়ে পড়লে বড় জয় নিশ্চিত হয় রিয়ালের। দিতুরো মরিয়া হয়ে দৌড়েও বলের নাগাল আর পাননি।

এই নিয়ে লা লিগায় টানা ১১ ম্যাচ জয়হীন থাকল ধুঁকতে থাকা এলচে। ২৮ ম্যাচে মাত্র ২৬ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের ১৭ নম্বরে। এই হারের ফলে সপ্তাহ শেষে তারা রেলিগেশন অঞ্চলেও নেমে যেতে পারে।