ভালভার্দের হ্যাটট্রিকে ম্যান সিটিকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
কয়েকজন তারকা চোটে থাকায় ম্যাচটা নিয়ে চিন্তায় ছিল রিয়াল মাদ্রিদ। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নেমে দলের চিন্তা দুরন্ত হ্যাটট্রিকে দূর করলেন ফেদেরিকো ভালভার্দে। উরুগুয়ের মিডফিল্ডারের হ্যাটট্রিকে রিয়াল পেয়েছে বড় জয়।
সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র প্রথম লেগের ম্যাচে রিয়াল জিতেছে ৩-০ গোলে। কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম ও রদ্রিগো গোয়েসদের ছাড়াই এদিন মাঠে নেমেছিল ‘লস ব্লাঙ্কোস’রা। কিন্তু স্বাগতিকদের সেই অভাব বুঝতেই দেননি ভালভার্দে। মাত্র ২২ মিনিটের ঝড়ে একাই ধসিয়ে দেন পেপ গার্দিওলার সিটিকে।
ম্যাচের ২০ মিনিটে গোলরক্ষক থিবো কোর্তোয়ার বাড়ানো লম্বা বল থেকে প্রথম গোলটি করেন এই মিডফিল্ডার। এর সাত মিনিট পর অধিনায়ক ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্রাহিম দিয়াসের পাস থেকে দারুণ এক ভলিতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভার্দে।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়তে পারত। তবে ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা ভিনিসিয়াসের পেনাল্টি রুখে দিলে ব্যবধান আর বাড়েনি। পুরো ম্যাচে সিটির গোলমেশিন আর্লিং হালান্ডকে বোতলবন্দী করে রাখেন আন্তোনিও রুডিগার ও ডিন হাইজেন। আর শেষ দিকে ও'রিলির একটি নিশ্চিত গোল পা দিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া।
এই জয়ের ফলে আগামী মঙ্গলবার ম্যানচেস্টারে দ্বিতীয় লেগের আগে বেশ ফুরফুরে মেজাজেই থাকবে রিয়াল মাদ্রিদ।