উজবেকিস্তানের কাছে বড় হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের
এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের অভিষেক আসর কোনো জয় না পাওয়ার আক্ষেপ নিয়েই শেষ করল বাংলাদেশ। চীন ও উত্তর কোরিয়ার পর উজবেকিস্তানের কাছেও হারল পিটার বাটলারের শিষ্যরা। তুলনামূলক বিচারে বেশ ইতিবাচক ফুটবল খেললেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি লাল-সবুজের প্রতিনিধিদের।
সোমবার অস্ট্রেলিয়ার পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। জোড়া গোল করেন বদলি নামা দিলদোরা নোজিমোভা। অন্য গোল দুটি আসে দিয়োরাখোন খাবিবুল্লায়েভা ও নিলুফার কুদ্রাতোভার কাছ থেকে।
টুর্নামেন্টের রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন চীন এবং তিনবারের শিরোপাজয়ী উত্তর কোরিয়ার কাছে হারের পর এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। উজবেকিস্তানকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন বেঁচে থাকত তাদের। সেই সঙ্গে ফিফা নারী বিশ্বকাপ ও অলিম্পিকে জায়গা করে নেওয়ার সুযোগও তৈরি হতো। তবে সব সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় আপাতত বিশ্বমানের দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতাকে সঙ্গী করেই দেশে ফিরতে হচ্ছে ঋতুপর্ণা চাকমা-মিলি আক্তারদের।
শারীরিক শক্তি ও সামর্থ্যের বিচারে এগিয়ে থাকা উজবেকিস্তানের বিপক্ষে বড় প্রত্যাশা ছিল বাংলাদেশের। তবে ফিফা র্যাঙ্কিংয়ে বাটলারের শিষ্যদের চেয়ে ৬৩ ধাপ এগিয়ে থাকা দলটি প্রথম থেকেই আক্রমণাত্মক কৌশল বেছে নেয়। আর প্রথমার্ধের শেষদিকে ও দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ চাপ তৈরি করলেও বাংলাদেশকে শেষমেশ হতাশায় ডুবতে হয়।
শুরু থেকে দুই উইং ব্যবহার করে বাংলাদেশের রক্ষণে ভীতি ছড়ায় উজবেকিস্তান। টানা আক্রমণ করতে থাকে তারা। সেই ধারায় দশম মিনিটেই লিড মেলে, কুদ্রাতোভার পাস থেকে অফসাইডের ফাঁদ ভেঙে নিখুঁত কোণাকুণি শটে লক্ষ্যভেদ করেন দিয়োরোখোন খাবিবুল্লায়েভা।
গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ৩০তম মিনিটে ফরোয়ার্ড ঋতুপর্ণার জোরালো শট উজবেক গোলরক্ষক এক হাতে রক্ষা না করলে সমতা ফিরতে পারত ম্যাচে। বিরতির ঠিক আগে ডিফেন্ডার কোহাতি কিসকু ও মিডফিল্ডার মারিয়া মান্ডাদের প্রচেষ্টা সফল না হওয়ায় পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে মনোযোগী হয়ে আরও তিনবার গোলের উল্লাস করে উজবেকিস্তান। ৬০তম মিনিটে বদলি হিসেবে নামা নোজিমোভা অল্প সময়ের মধ্যে দুবার জাল খুঁজে নেন। ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পর ৬৭তম মিনিটে তার গোলে বাংলাদেশের ফেরার পথ একরকম শেষ হয়ে যায়।
৭০তম মিনিটে ভিএআরে যাচাইয়ের পর উজবেকিস্তানের একটি গোল বাতিল হলেও নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ফের পরাস্ত হন গোলরক্ষক মিলি। ডি-বক্সের ভেতর থেকে কুদ্রাতোভার শট তিনি চেষ্টা করেও আটকাতে পারেননি।
এই জয়ে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল উজবেকিস্তান। টুর্নামেন্টের তিনটি গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করেছে তারা। এই গ্রুপ থেকে আগেই শেষ আটে উঠেছে চীন ও উত্তর কোরিয়া।