​'প্রতিটি ম্যাচই এখন যুদ্ধ', নাটকীয় জয়ের পর রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক

​টানা দুই হার আর একঝাঁক চোটের ধাক্কায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল রিয়াল মাদ্রিদের। শুক্রবার রাতে সেল্টা ভিগোর মাঠেও যখন পয়েন্ট হারানোর শঙ্কায় কাঁপছিল দলটি, ঠিক তখনই ত্রাতা হয়ে এলেন ফেদেরিকো ভালভার্দে। যোগ করা সময়ের ৯৫ মিনিটে এই উরুগুয়েন মিডফিল্ডারের লক্ষ্যভেদে ২-১ ব্যবধানের নাটকীয় জয় পেয়েছে আলভারো আরবেলোয়ার শিষ্যরা। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ১-এ নামিয়ে আনল তারা।


​ম্যাচ শেষে রিয়াল কোচ আরবেলোয়ার কণ্ঠে ঝরল স্বস্তি ও সতর্কবার্তা। মাঠের লড়াই কতটা কঠিন হয়ে উঠেছে, তা বোঝাতে গিয়ে তিনি বলেন, 'প্রতিটি ম্যাচই এখন যুদ্ধ। আপনি এমন সব দলের বিপক্ষে খেলছেন যাদের নিজস্ব লক্ষ্য আছে। তাই আমাদের জন্য প্রতিটি ম্যাচই এখন এক একটি যুদ্ধের মতো।'


​ইনজুরির কারণে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও রদ্রিগোর মতো ১০ জন নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হয়েছিল রিয়ালকে। এই প্রতিকূলতার মধ্যে জয় পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছেন কোচ। আরবেলোয়া বলেন, 'আমরা এখানে ১০ জন মূল খেলোয়াড়কে ছাড়াই খেলতে এসেছিলাম। তাই আমি মনে করি আমাদের এই জয় অনেক কৃতিত্বের দাবি রাখে।'


​ম্যাচের ১১ মিনিটে অরেলিয়েন চুয়ামেনির গোলে রিয়াল এগিয়ে গেলেও বিরতির পর বোরজা ইগলেসিয়াস গোল করে সেল্টাকে সমতায় ফেরান। ম্যাচ যখন ড্রয়ের দিকে গড়াচ্ছিল, তখনই ভালভার্দের শট প্রতিপক্ষ ডিফেন্ডার মার্কোস আলনসোর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। ভাগ্যের ছোঁয়ায় পাওয়া এই গোলটিই রিয়ালকে টানা তিন ম্যাচ জয়হীন থাকার লজ্জা থেকে বাঁচিয়েছে।


​লা লিগার শিরোপা দৌড় নিয়ে আরবেলোয়া এখনো আশাবাদী। তিনি বলেন, 'লিগে এখনো অনেক পথ বাকি, অনেক পয়েন্টের খেলা এখনো আমাদের হাতে আছে। সত্যি বলতে, এই মুহূর্তে মনে হচ্ছে লা লিগা যেন এখনো শুরুই হয়নি।' দলের পারফরম্যান্সে উন্নতির অনেক জায়গা থাকলেও খেলোয়াড়দের লড়াকু মানসিকতায় খুশি কোচ। তাঁর আশা, এই জয়ই হবে দলের জন্য ঘুরে দাঁড়ানোর মোড়।


​তবে এই জয়ের আনন্দ ছাপিয়ে আরবেলোয়ার কপালে দুশ্চিন্তার ভাঁজ হয়ে আছে ইনজুরি তালিকা। আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই জয় দলকে কতটা আত্মবিশ্বাস জোগায়, সেটাই এখন দেখার বিষয়।