চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

নামে-ভারে ও শক্তিতে চীনের থেকে যোজন যোজন ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে মাঠে অনেকটা সময় যেন সমান তালে লড়ল ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকাররা। বর্তমান চ্যাম্পিয়ন চীনকে বেশিরভাগ সময় হতাশ করে অল্প ব্যবধানে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা।

মঙ্গলবার সিডনিতে এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধের শেষ দিকে দুই গোল হজম করলেও বাকি সময়টায় ভালোভাবেই ম্যাচে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এমনকি ঋতুপর্ণা চাকমা তৈরি করেছিলেন এক দারুণ গোলের সুযোগ। প্রথমার্ধ্বে চীনের হয়ে গোল দুটি করেন ওয়াং শুয়াং ও  যাং রুই। দ্বিতীয়ার্ধ্বে তারা কোন গোল করতে পারেননি, এমনকি দু'একটি ছাড়া নিশ্চিত কোন সুযোগও পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা।

ঐতিহাসিক ম্যাচে হার দিয়ে আসর শুরু করলেও নয়বারের এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে চোয়ালবদ্ধ দৃঢ়তা দেখিয়ে সমীহ আদায় করেছে বাংলাদেশের মেয়েরা।

Rituporna chakma

১১ মিনিটে দারুণ দক্ষতায় বাংলাদেশকে বাঁচান মিলি আক্তার। ১৪ মিনিটে ঋতুপর্ণা দেখান অসাধারণ ঝলক। অনেক দূর থেকে দুর্দান্ত শট নেন তিনি, যা অসম্ভব ক্ষীপ্রতায় প্রতিহত করেন চীনের গোলরক্ষক। ১৯ মিনিটে বাংলাদেশের গোলবারে আরেকবার ঢুকেও সফল হয়নি চীন। মিলিকে কাটিয়েও বল জালে জড়াতে পারেননি চীনের ফরোয়ার্ড।

পরের মিনিটে আরেকটি দারুণ সেইভ করেন মিলি। ২৪ মিনিটে ওয়াং শুয়াং বল জালে জড়ালেও অফসাইডের কারণে ভিএআরে তা বাতিল হয়ে যায়। তবে বেশিক্ষণ থামানো যায়নি ওয়াং শুয়াংকে। ৪৪ মিনিটে দূরপাল্লার শটে প্রথম গোল করেন তিনি। এক মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন যাং রুই।

দুই গোলের লিড নিয়ে বিরতি থেকে ফিরেও বাংলাদেশের রক্ষণে গিয়ে খেই হারাতে থাকে চীন। গোলবারের নিচে মিলি একাধিকবার বাঁচান বাংলাদেশকে। রক্ষণে নবিরন, আফঈদারা খেলেন উজাড় করে। চীনের একাধিক শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তাদের ব্যবধান বাড়ানো কঠিন হয়ে যায়।

রক্ষণ জমাট রেখে শেষ দিকেও চীনকে বারবার প্রতিহত করে বাংলাদেশ। প্রতি-আক্রমণে গিয়ে তাদের রক্ষণভাগেও একাধিকবার রোমাঞ্চ ছড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা।