শীর্ষে ফিরে বার্সা কোচ বললেন, ‘পথটা এখনও অনেক দীর্ঘ’
লেভান্তের বিপক্ষে সহজ জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে বার্সেলোনা। তবে স্প্যানিশ পরাশক্তিদের কোচ হান্সি ফ্লিক জোর দিয়ে বলেছেন, তাদের জন্য এখনও দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি।
গতকাল রোববার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ৩-০ গোলে জিতেছে বার্সা। ম্যাচের প্রথমার্ধে মার্ক বার্নাল ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের লক্ষ্যভেদে চালকের আসনে বসে পড়ে স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধে বদলি নেমে দলের বড় জয় নিশ্চিত করেন ফারমিন লোপেজ। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
এক দিন আগে ওসাসুনার মাঠে রিয়াল অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার সুযোগটি দারুণভাবে লুফে নিয়েছে বার্সেলোনা। একইসঙ্গে নিজেদের মাঠে লেভান্তের বিপক্ষে লিগে ১৭ ম্যাচ খেলে সবগুলোতে জয়ের ধারাও বজায় রেখেছে তারা। চলমান মৌসুমে ২৫ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চূড়ায় অবস্থান করছে ফ্লিকের দল। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল।
মৌসুমের আর মাত্র ১৩ ম্যাচ বাকি থাকতে অপ্টা সুপারকম্পিউটার বার্সেলোনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা দেখছে ৫৮.২ শতাংশ। বিপরীতে, রিয়ালের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৪১.৭ শতাংশ।
অবশ্য জার্মান কোচ ফ্লিক মাটিতেই পা রাখছেন। রিয়ালের সাম্প্রতিক হারকে উদাহরণ হিসেবে টেনে তিনি শিষ্যদের বাকি মৌসুম সতর্ক থাকার ওপর গুরুত্ব দিয়েছেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমরা শীর্ষে ফেরার সুযোগটি কাজে লাগিয়েছি। তবে সামনের পথটা এখনও অনেক দীর্ঘ। আজ সবকিছুই যে খুব ভালো হয়েছে তা নয়। ম্যাচে থিতু হতে আমাদের কিছুটা সময় লেগেছে।'
লেভান্তের বিপক্ষে লা লিগায় এই নিয়ে ৩৪ ম্যাচ খেলে প্রতিটিতেই গোল করার কীর্তি দেখিয়েছে বার্সেলোনা। এই সময়ে তারা মোট ১০১ গোল করেছে। আর এবারের মৌসুমের লিগে নিজেদের ডেরায় ১২ ম্যাচ খেলে সবকটিতেই জেতার স্বাদ পেয়েছে ক্লাবটি।
পুরোপুরি সন্তুষ্ট না হলেও অ্যাসিস্ট করা জোয়াও কানসেলো ও গোল পাওয়া বার্নালের প্রশংসা করেছেন বার্সেলোনার কোচ, 'কানসেলো ভালো খেলেছে। তার সামর্থ্য ও ইতিবাচক গুণগুলো ফুটে উঠেছে। সে ম্যাচের শুরু থেকেই খেলতে থাকবে কিনা তা আমরা যাচাই করে দেখব।... বার্নাল এই ক্লাবের ভবিষ্যৎ খেলোয়াড়দের একজন। আমি তার জন্য এটাই কামনা করি, যেন সে সুস্থ থাকে।'
গত ১৩ ফেব্রুয়ারি কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয় বার্সা। সেই বাজে পারফরম্যান্সের রেশ থাকতেই গত সোমবার রাতে আবার হতাশ করে কাতালানরা। লা লিগায় জিরোনার মাঠে হেরে যায় ২-১ গোলে।
কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো নিয়ে স্প্যানিশ মিডফিল্ডার ফারমিন বলেছেন, 'টানা দুই হারের পর আমরা আত্ম-সমালোচনা করেছি। আজ আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। আর এগিয়ে যাওয়ার জন্য এটাই সঠিক পথ।'