ভিনিসিউসের জোড়া গোল, লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। আড়াই মাস পর প্রথমবার শুরুর একাদশে খেলতে নেমে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডও দেখিয়েছেন দাপুটে পারফরম্যান্স। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে গেল লস ব্লাঙ্কোসরা।

রিয়াল সোসিয়েদাদের ডাগআউটে আমেরিকান কোচ পেলেগ্রিনো মাতারাজ্জোর দশম ম্যাচে এটিই প্রথম হার। আলভারো আরবেলোয়ার মাদ্রিদের হয়ে জালের দেখা পেয়েছেন তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া ও ফেদে ভালভার্দে। আগামী মঙ্গলবার লিসবনে জোসে মরিনহোর বেনফিকার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল।

রিয়াল মাদ্রিদ টিভিকে ভালভার্দে বলেন, ‘আমরা আক্রমণ ও রক্ষণ—উভয় বিভাগেই দারুণ কাজ করেছি। পুরো ম্যাচে আমরা একটি দল হিসেবে রক্ষণ সামলেছি। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি, এখন আমরা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের জন্য লড়াই করব।’

পেশির চোট কাটিয়ে ডিসেম্বরের শুরুর পর এই প্রথম মাঠে নেমেই প্রভাব বিস্তার করেন আলেকজান্ডার-আর্নল্ড। কিলিয়ান এমবাপের হাঁটুর অস্বস্তির কারণে সুযোগ পাওয়া গঞ্জালো গার্সিয়া তার নিখুঁত ক্রস থেকেই দলকে লিড এনে দেন। আর্নল্ডের প্রশংসা করে আরবেলোয়া বলেন, ‘ট্রেন্ট খুব বুদ্ধিমান ছেলে, যে খেলাটা খুব ভালো বোঝে। আমরা ভাগ্যবান যে তার মতো একজন খেলোয়াড় আমাদের আছে।’

ম্যাচের ২১ মিনিটে ডি বক্সে ইয়ানগেল এরেরাকে ডিন হাইসেন ফাউল করলে পেনাল্টি পায় সোসিয়েদাদ। স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান মিকেল ওইয়ারজাবাল। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিনিসিউসকে বক্সে ফাউল করা হলে পেনাল্টি পায় মাদ্রিদ এবং ব্রাজিলিয়ান এই তারকা গোল করতে ভুল করেননি। ৩১ মিনিটে বক্সের কোণা থেকে বাঁকানো শটে দলের তৃতীয় গোলটি করেন ভালভার্দে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ভিনিসিউসকে ফাউল করে পেনাল্টি উপহার দেয় সোসিয়েদাদ। এবারও নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন ভিনি। জুড বেলিংহ্যামের অনুপস্থিতি ও এমবাপে বেঞ্চে থাকায় ভিনিসিউস যেন আক্রমণের পূর্ণ স্বাধীনতা উপভোগ করছিলেন। ম্যাচ শেষে আরবেলোয়া তাকে ‘বিশ্বের অন্যতম সেরা’ হিসেবে অভিহিত করেন।

ম্যাচের শেষ দিকে আর্দা গুলারের ফ্রি-কিক থেকে ভিনিসিউস কাঁধ দিয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে হ্যাটট্রিক বঞ্চিত হন। পরাজয় শেষে ওইয়ারজাবাল বলেন, ‘প্রথমার্ধটা আমাদের জন্য কঠিন ছিল। একটি বাজে ম্যাচ আমাদের ছন্দ নষ্ট করতে পারবে না।’

এদিকে দিনের অন্য ম্যাচে গেতাফের কাছে ২-১ গোলে হেরে গেছে ভিয়ারিয়াল। এর ফলে শীর্ষ চারে থাকার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়ল তারা। বর্তমানে চতুর্থ স্থানে থাকা ভিয়ারিয়ালের জালে গোল করেন মাউরো আরামবারি ও মার্টিন সাত্রিয়ানো। ভিয়ারিয়ালের হয়ে একটি গোল শোধ করেন জর্জেস মিকাউতাদজে। রবিবার রিয়াল বেতিস যদি মায়োর্কাকে হারাতে পারে, তবে তারা ভিয়ারিয়ালের আরও কাছে চলে আসবে।