মেসি চোট, পুয়ের্তো রিকোর ম্যাচ স্থগিত

ইন্টার মায়ামির প্রস্তুতির সূচিতে পরিবর্তন

লিওনেল মেসির চোটের কারণে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টার মায়ামির প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে। ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা এসসির বিপক্ষে সর্বশেষ প্রাক-মৌসুম ম্যাচে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির টান লাগে আর্জেন্টাইন মহাতারকার। সেই চোট কাটিয়ে না ওঠায় ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভালের বিপক্ষে পুয়ের্তো রিকোর ম্যাচটি দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

৭ ফেব্রুয়ারি বার্সেলোনা এসসির বিপক্ষে ম্যাচে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন মেসি। তবে ৫৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি এবং বাকি সময় সাইডলাইনে বসেই ম্যাচ দেখেন। এই চোটের কারণে ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কোলিসিয়ামে এলএএফসির বিপক্ষে এমএলএস কাপ চ্যাম্পিয়নদের মৌসুম উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়েও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে ইন্টার মায়ামি এক বিবৃতিতে বলে, “ক্লাব, ইভেন্ট প্রোমোটার এবং পুয়ের্তো রিকো সরকারের সঙ্গে আলোচনা করে আমরা বিশ্বাস করি, ম্যাচের সময়সূচি পরিবর্তন করলে পুয়ের্তো রিকোর সমর্থকদের জন্য সবচেয়ে ভালো অভিজ্ঞতা নিশ্চিত করা যাবে। ম্যাচটি আগের মতোই বায়ামনের এস্তাদিও হুয়ান রামোন লুব্রিয়েলে অনুষ্ঠিত হবে।”

ক্লাব আরও জানায়, ১১ ফেব্রুয়ারি বুধবার অনুশীলনে অংশ নেননি মেসি। মেডিকেল পরীক্ষায় তার বাম হ্যামস্ট্রিংয়ে পেশির টানের বিষয়টি নিশ্চিত হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণের ভিত্তিতে তার ধীরে ধীরে অনুশীলনে ফেরার সময় নির্ধারিত হবে, যা নির্ভর করবে তার শারীরিক উন্নতির ওপর।

ম্যাচ স্থগিত হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরাসরি বার্তা দেন মেসি। পুয়ের্তো রিকোর দর্শকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “সত্যি বলতে, ইকুয়েডরের শেষ ম্যাচে আমার পেশিতে টান লাগে, এজন্যই আমাকে আগেই মাঠ ছাড়তে হয়েছিল। তাই সংগঠনের লোকজন ও ইন্টার মায়ামির সঙ্গে আলোচনা করেই এই ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করি এটি নতুন করে সূচিবদ্ধ করা যাবে এবং আবার দেখা হবে।”

নতুন সূচি অনুযায়ী, ইন্টার মায়ামি ও ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভালের ম্যাচটি ১৩ ফেব্রুয়ারির পরিবর্তে অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি, একই ভেন্যু বায়ামন, পুয়ের্তো রিকোতে। ফলে ২০২৬ এমএলএস মৌসুম শুরুর পরেই এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২৪ সালে হংকংয়ে একটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচেও চোটের কারণে খেলতে পারেননি মেসি। তখন স্থানীয় দর্শকদের তীব্র প্রতিক্রিয়ার মুখে আয়োজকরা আংশিক টিকিট মূল্য ফেরতের ঘোষণা দেয়। সেই অভিজ্ঞতা থেকেই হয়তো এবার ম্যাচ পিছিয়ে দিলো তারা।