‘আগামী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করা উচিত’

আনিসুর রহমান
আনিসুর রহমান

অস্ট্রেলিয়ায় এএফসি উইমেন’স এশিয়ান কাপে নিজেদের প্রথম মিশনে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে খেলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে গত বুধবার ভোরে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ক্যাম্পের সঙ্গে যোগ দেওয়া অধিনায়ক আফঈদা খন্দকার কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে। 

এশিয়ান কাপের অভিজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং চীন বা উত্তর কোরিয়ার মতো শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধানটা ঠিক কোথায়?

আফঈদা খন্দকার: এমন একটি মঞ্চে জাতীয় পতাকা ওড়ানো এবং জাতীয় সংগীত গাইতে পারা আমাদের জন্য গর্বের মুহূর্ত ছিল। এই মানের দলগুলোর সঙ্গে হয়তো প্রীতি ম্যাচ খেলার সুযোগও আমাদের হতো না, তাই টুর্নামেন্টে তাদের মুখোমুখি হওয়াটা দারুণ অভিজ্ঞতা ছিল।

তাদের খেলার শৈলীতে আপনি পার্থক্যটা দেখতে পাবেন। তারা খুব অল্প বয়স থেকেই খেলোয়াড়দের গড়ে তোলে, যেখানে আমাদের অনেকে অনেক পরে শুরু করি। কোনো কিছু যখন আপনি দ্রুত শিখবেন, সেটি আপনার ভেতরে স্থায়ী হয়ে যায়।

উজবেকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার একটা আশা ছিল। দলের কি বিশ্বাস ছিল যে এটি সম্ভব?

আফঈদা: অবশ্যই। প্রত্যেকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এবং শুরুতে গোল হজম করার পরেও আমরা আত্মবিশ্বাস হারাইনি। আমরা গোলের জন্য আক্রমণ চালিয়ে গিয়েছি, কিন্তু ভাগ্য আমাদের সহায় ছিল না।

বাংলাদেশ যদি বিশ্বকাপ বা অলিম্পিকের মতো বড় লক্ষ্য অর্জন করতে চায়, তবে তাৎক্ষণিক অগ্রাধিকারগুলো কী হওয়া উচিত?

আফঈদা: ভালো মাঠের বিষয়টি সবার আগে আসা উচিত। আপনি যদি মানসম্পন্ন পিচে অভ্যস্ত না হন, তবে বিদেশের দ্রুতগতির মাঠে বল যখন দ্রুত ছোটে, তখন খেলা কঠিন হয়ে পড়ে। আবাসিক ক্যাম্পের জন্য আমাদের আরও ভালো ডরমিটরি এবং সঠিক খাবার প্রয়োজন।

কোনো টুর্নামেন্টের মাত্র ছয় মাস আগে প্রস্তুতি শুরু করা যায় না। প্রথমে আমাদের এশিয়ান কাপে জায়গা করে নিতে হবে, তারপর বিশ্বকাপ বা অলিম্পিক নিয়ে ভাবতে হবে। একটি সঠিক চার বছরের পরিকল্পনা নিয়ে আগামী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি শুরু করা উচিত।

আপনি এখন আসন্ন অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। আপনার প্রত্যাশা কী?

আফঈদা: আমরা চীন, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মতো কঠিন গ্রুপে রয়েছি। তবে অনূর্ধ্ব-২০ স্কোয়াডের ১০-১২ জন সিনিয়র খেলোয়াড় অস্ট্রেলিয়ার এশিয়ান কাপ থেকে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছেন, যা আমাদের সাহায্য করবে। আমরা ভালো পারফর্ম করার চেষ্টা করব এবং গ্রুপ পর্ব পার হওয়ার জন্য লড়াই করব।