টি-টোয়েন্টি দলে ফিরলেন নাহিদ-তাসকিন, সাইফের জায়গায় হৃদয় সহ-অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে দুই বদল আনা হয়েছে। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও রিপন মন্ডল। তাদের বদলে আগের সিরিজ না খেলা দুই গতি তারকা নাহিদ রানা ও তাসকিন আহমেদ ফিরেছেন। টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাইফ হাসান, তার বদলে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি স্কোয়াড দেন প্রধান নির্বাচকরা। এতে বড় চমক কিছু নেই। কুড়ি ওভারের সংস্করণে নিয়মিত মুখ সবাই আছেন দলে।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ছিলেন না নাহিদ ও তাসকিন। তাদের জায়গায় রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মোহাম্মদ সাইফুদ্দিনকে সুযোগ দেওয়া হয়েছিল। সাকলাইন টিকে গেলেও নাহিদ-তাসকিনের ফেরায় জায়গা হারালেন রিপন। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে স্কোয়াডে থাকা তানজিম হাসান সাকিব অনুমিতভাবেই নেই চোটের কারণে।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, সাইফ হাসান নিজে থেকেই তাদের কাছে এসে সহ-অধিনায়কত্ব ছাড়ার আবেদন করেন। তাকে তাই অব্যাহতি দেওয়া হয়েছে। তার বদলে হৃদয়কে দেওয়া হয়েছে সহ-অধিনায়কত্ব।

চট্টগ্রামে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের সিরিজটি হবে ১৭, ১৯ এবং ২১ জুন।

টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।