তাসকিনের জোড়া আঘাতের পর মিরপুরে বৃষ্টি
চরম বিপর্যস্ত অস্ট্রেলিয়ার হাল ধরেছিলেন মারনাশ লাবুশানে আর জেভিয়ের বার্টলেট। সপ্তম উইকেটে দুজনে শতরানের জুটি গড়ে অস্বস্তি বাড়াচ্ছিলেন বাংলাদেশের। নতুন স্পেলে ফিরে তাসকিন আহমেদ এই জুটি ভাঙার পর নেন আরেক উইকেট। এরপরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা।
দুপুর ২টা ৩৪ মিনিটে বৃষ্টিতে খেলা বন্ধের আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৮৭ রান। লাবুশানে ৮৫ বলে ৫৫ রানে ক্রিজে আছেন। তার সঙ্গে ১০৩ রানের জুটিতে ৫২ করে তাসকিনের বলে বোল্ড হয়ে যান বার্টলেট।
পরের বলে অ্যাডাম জাম্পাকেও বোল্ড করে দেন বাংলাদেশের পেসার। তাসকিন দিনের শুরুতেও প্রথম উইকেট নিয়েছিলেন বোল্ড করে। একদম প্রথম ওভারে তার ভেতরে ঢোকা বল ছেড়ে স্টাম্প হারান ম্যাথু শর্ট।
এরপর মোস্তাফিজুর রহমানের জোড়া আঘাতে ০ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে অজিরা। সেখান থেকে ছোট কিছু প্রতিরোধ গড়লেও ক্রমাগত উইকেট হারিয়ে ৮১/৬ পরিণত হয় তারা। সেখান থেকে সফরকারী দলকে টেনেছেন লাবুশানে-বার্টলেট।