বড় তারকাদের অনুপস্থিতিকে তরুণদের বাজিয়ে দেখার সুযোগ দেখছে অস্ট্রেলিয়া
প্যাট কামিন্স, মিচেল স্টার্করা আগেই ছিলেন না, সিরিজ শুরুর আগের দিন মিচেল মার্শ ও ট্রেভিস হেডের না থাকার খবর নিশ্চিত হয়। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শীর্ষ সারির তারকাদের অনুপস্থিতিতে কিছুটা বিপাকে থাকার কথা অস্ট্রেলিয়ার। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিশ এটাকে দেখছেন সুযোগ হিসেবে। এই সিরিজকে নতুন প্রজন্মের ক্রিকেটারদের পরখ করে নেওয়ার আদর্শ মঞ্চ হিসেবে বিবেচনা করছেন তিনি।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। আইপিএলের পরপর হওয়ায় পাকিস্তান সিরিজের আগে বিশ্রাম নিলেও বাংলাদেশে খেলার কথা ছিল মার্শ ও হেডের। তবে চোট কাটিয়ে ওঠার পথে থাকা এই সিরিজের অধিনায়ক মার্শ পরে সরে যান, সিদ্ধান্ত নেন কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলার।
ওপেনার ট্রেভিস হেড দুই সিরিজ থেকেই নিজেকে সরিয়ে নেন। এতে করে একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে গড়া এই অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন ইংলিশ, যাদের মূল লক্ষ্য আগামী বিশ্বকাপের আগে দলের গভীরতা বাড়িয়ে নেওয়া।
মার্শ-হেডদের অনুপস্থিতিকে কেবল ধাক্কা হিসেবে না দেখে, দলের ভবিষ্যতের জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবেই বিবেচনা করছেন ইংলিশ। সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে এসে ভারপ্রাপ্ত অজি অধিনায়ক বলেন, 'মিচেল মার্শ এবং ট্রাভিস হেডের মতো ক্রিকেটার দলে না থাকলে স্বাভাবিকভাবেই ক্ষতি হয়। তারা দুজনেই অবিশ্বাস্য রকমের ভালো খেলোয়াড়। তারা এখানে নেই—সেটি দুর্ভাগ্যজনক। তবে ঠিক এর আগেই পাকিস্তানের সঙ্গে আমরা যে সিরিজটি খেলেছি, সেটির মতোই আমি মনে করি এই কন্ডিশনে কিছু তরুণ ক্রিকেটারের অভিজ্ঞতা হওয়াটা ভীষণ জরুরি। সামনে বিশ্বকাপও আছে। তাই তার আগে ভিন্ন কম্বিনেশন এবং নতুন কিছু ক্রিকেটারকে দেখে নেওয়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
দলের অধিকাংশ ক্রিকেটারের জন্যই এই সফরটি সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। দুই দেশের ক্রিকেটীয় সূচির দীর্ঘ বিরতি ও নানা চ্যালেঞ্জের পরও অস্ট্রেলিয়া শিবির এই সিরিজটিকে ঘিরে রোমাঞ্চিত।
১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া, এটিকে স্মরণীয় মনে করছেন ইংলিশ, 'এটি আসলেই দারুণ রোমাঞ্চকর। আমরা বাংলাদেশের সঙ্গে খুব বেশি খেলি না, বিশেষ করে এখানে এসে তো আরও নয়। এটি এখানে আমার প্রথম সফর এবং আমি জানি দলের আরও অনেকেরই এটি প্রথম। তাই এই সিরিজটি নিয়ে আমরা ভীষণ উত্তেজিত। আমরা এখনো একাদশ চূড়ান্ত করিনি। আজকে উইকেট দেখব, এরপর আগামীকাল আপনারা সেটি দেখতে পাবেন।'