লিস্ট-এ ক্রিকেটে দেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হাবিবুর সোহানের

ক্রীড়া প্রতিবেদক

সোমবার ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে ঝড় তুললেন হাবিবুর রহমান সোহান। আগ্রাসী ব্যাটার গড়লেন নতুন রেকর্ড। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড একার করে নিলেন তিনি। 

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজেদের নবম ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে লেজেন্ডস অব রূপগঞ্জের ৩২২ রানের সংগ্রহ দাঁড় করানোর পথে ৪৫ বলে সেঞ্চুরি করেন হাবিবুর। এতে ২০২৩ সালে করা নিজের ও মোসাদ্দেক হোসেনের যৌথভাবে গড়া ৪৯ বলের সেঞ্চুরির আগের রেকর্ডটি ভেঙে দেন তিনি।

৫৮ বলে ১৩০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলার পথে সোহান আটটি চার ও ১৩টি ছক্কা মারেন—যা লিস্ট ‘এ’ ক্রিকেটে কোনো বাংলাদেশির এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। রূপগঞ্জ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর আইচ মোল্লা ৪১ বলে ৪৫ রানের একটি দ্রুতগতির ইনিংস খেলে বড় সংগ্রহ জড়ো করতে অবদান রাখেন।

চলতি সপ্তাহের শুরুর দিকে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলে অর্ধশতক ছুঁয়ে পারভেজ হোসেন ইমনের রেকর্ডের সঙ্গে সমান করে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি।

সোহানের এমন পারফরম্যান্স সত্ত্বেও রূপগঞ্জ ইতোমধ্যে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে, কারণ প্রথম নয়টি ম্যাচ থেকে তারা মাত্র ১০ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে।