জ্যোতি ফিফটি করলেন, তবু নেদারল্যান্ডসের কাছেও হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শেষ ওভার পর্যন্ত খেলা গিয়েছিল, ছিল কিছু রোমাঞ্চের আভাস। তবে ততক্ষণে ম্যাচ বেশ কঠিন বানিয়ে ফেলেছে বাংলাদেশ। ক্রিজে থাকা নিগার সুলতানা জ্যোতি শেষ পর্যন্ত কঠিন সমীকরণ মেলাতে পারেননি। আগের দিন স্কটল্যান্ডের কাছে হেরে ত্রিদেশীয় আসর শুরু করা বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো কোনো সংস্করণে হারল নেদারল্যান্ডসের কাছেও।

এডিনবার্গে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৮ রানে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। আগে ব্যাট করে ১৬২ রান তুলে ফেলে নেদারল্যান্ডস, জবাবে জ্যোতির ৫১ বলে ৭৭ রানের ইনিংসের পরও বাংলাদেশ থেমেছে ১৫৪ রানে।

ম্যাচ জিততে শেষ ওভারে ১৭ রান দরকার ছিল টাইগ্রেসদের। ওই ওভারের প্রথম বল ছিল ওয়াইড, তাতে প্রান্ত বদল করে নেন জ্যোতি। ৬ বলে চাই ১৫, এমন অবস্থায় বোল্ড হয়ে যান রিতু মনি।

রাবেয়া খান এসে সিঙ্গেল নিয়ে অধিনায়ককে দেন সুযোগ। জ্যোতি চার মেরে আশা জাগান। কিন্তু পরের বলেই ক্যাচ উঠিয়ে তার বিদায়। পরের বলে নাহিদা আক্তার দুই রান যোগ করে শেষ বলে গিয়ে হয়ে যান আউট। বাংলাদেশকে প্রথমবার হারানোর আনন্দে মাতোয়ারা হয় ডাচরা।

টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে দিয়েছিল বাংলাদেশ। তবে ডাচ ওপেনারদের কাবু করতে পারেননি জ্যোতিরা। হিদার সিগেরেস ও ফবি মলকেনবোয়ের যোগ করেন ৫৭ রান। বাকিদের কিছু গুরুত্বপূর্ণ অবদানের সঙ্গে হিদার ফিফটি করে দলকে রাখেন পথে। খেলেন ৪৩ বলে ৫২ রানের ইনিংস। শেষ দিকে বাবেট ডি লেড ও রবিন রিজকের ক্যামিওতে দেড়শো ছাড়ানো শক্ত পুঁজি পায় নেদারল্যান্ডস।

চ্যালেঞ্জিং রান তাড়ায় দিলারা আক্তার ও শারমিন আক্তার সুপ্তার ব্যর্থতার দিনে জুহেইরিয়া ফেরদৌসকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন জ্যোতি। তবে তাদের রান তোলার গতি ছিল মন্থর। জুহেইরিয়া ২৪ বল খেলে করেন ২২ রান। জ্যোতিও ছুটছিলেন একই তালে। পরে থিতু হয়ে তিনি বাড়ান রান। তবে চাহিদার তুলনায় তার ব্যাটিং দলের দাবি পুরোপুরি মেটাতে পারেনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য স্কটল্যান্ডে এই ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। সেখানে সহজ দুই প্রতিপক্ষ থাকায় জ্যোতির দলকেই মানা হচ্ছিল পরিস্কার ফেভারিট। কিন্তু তারা যেভাবে প্রথম দুই ম্যাচেই হারলেন তাতে উদ্বেগ বাড়বে।