লঙ্কান প্রিমিয়ার লিগে একই দলে সাকিব ও তাসকিন

স্পোর্টস ডেস্ক

লম্বা বিরতির পর মাঠে ফিরছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক অধিনায়ক লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন জাফনা কিংসের হয়ে। একই দলে জায়গা পেয়েছেন দেশের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।

লঙ্কান প্রিমিয়ার লিগ আনুষ্ঠানিকভাবে এই দুজনকে সরাসরি জাফনা দলে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে। সামাজিক মাধ্যেম তারা লিখেছে, ‘কিংসে যোগ দিয়েছেন বিশ্বখ্যাত টি-টোয়েন্টি তারকা সাকিব আল হাসান। দলে যখন আস্থা দরকার, যখন রান দরকার বা ব্রেক থ্রো তিনি তখন থাকেন অবিচল। বিশ্ব ক্রিকেটের সেরা এক অলরাউন্ডারকে যুক্ত করে শক্তি বাড়ালো জাফনা।’

আলাদা পোস্টে তাসকিনকে দলে নেওয়ার কারণ ব্যাখা করে তারা লিখেছে, 'জাফনা পেস আক্রমণ যুক্ত করল আগুন ঝরানো শক্তি।

রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বাইরে থাকা বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার গত ছয় মাস ধরে কোন স্বীকৃত ক্রিকেট খেলছিলেন না। তবে ফিটনেস ধরে রাখার জন্য নিজ উদ্যোগে কাজ করছিলেন তিনি। ২০২৩ সালে একবার লঙ্কান প্রিমিয়ার লিগ খেলেন সাকিব। এটি হতে যাচ্ছে তাই তার দ্বিতীয় অভিযান।

২০২৪ সালে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন তাসকিন। এবার তাকে দেখা যাবে জাফনায়। 

এলপিএলে পাঁচ আসরের চারবারই শিরোপা জেতে জাফনা। এবারও ভালো দল করছে তারা। সাকিব-তাসকিন ছাড়াও সরাসরি চুক্তিতে দলটি নিয়েছে ভানুকা রাজাপাকসা ও দুনিথ ওয়েলালাগেকে। 

আগামী ১৭ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত চলবে এলপিএল।