আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন সালমান আঘা

স্পোর্টস ডেস্ক

সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আইসিসি আচরণবিধি ভঙ্গের দায়ে তিরস্কার করা হয়েছে পাকিস্তানের ব্যাটার সালমান আলী আঘাকে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।

আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২ অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম, পোশাক বা মাঠের সরঞ্জামের অপব্যবহারের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৮২তম ওভারে আউট হওয়ার পর সাজঘরে ফেরার পথে সালমান তার ব্যাট দিয়ে বিজ্ঞাপনের বোর্ডে আঘাত করেন।

এই অপরাধের জন্য সালমানের শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ২৪ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় অপরাধ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট এখন দুই। এর আগে গত ১৩ মার্চ ঢাকায় বাংলাদেশের বিপক্ষেই ওয়ানডে ম্যাচে একই অপরাধ করেছিলেন তিনি।

সালমান নিজের দোষ স্বীকার করে নেওয়ায় ম্যাচ রেফারি জেফ ক্রো’র দেওয়া শাস্তি তিনি মেনে নেন, যার ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, আল্লাহুদ্দিন পালেকর, তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার মোস্তাফিজুর রহমান মুকুল এই অভিযোগ দায়ের করেন।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল ১ ভঙ্গের দায়ে সর্বনিম্ন শাস্তি হিসেবে আনুষ্ঠানিকভাবে তিরস্কার এবং সর্বোচ্চ ম্যাচ ফি-এর ৫০ শতাংশ জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে।

উল্লেখ্য, বুধবার বাংলাদেশের কাছে ৭৮ রানে দ্বিতীয় টেস্টে হারে পাকিস্তান। এতে ২-০ ব্যবধানে সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা।