সকালের বৃষ্টিতে দেরিতে খেলা শুরু, জয়ের খোঁজে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

সিলেটে মধ্যরাত থেকেই ঝরল ভারি বৃষ্টি, সেই বৃষ্টির ঝাপ্টা থাকল সকাল পর্যন্ত। তাতে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের শেষ দিনের খেলা শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে। আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে জানিয়েছেন সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হবে দিনের খেলা। 

সিলেট টেস্টে খেলার অবশ্য বেশি কিছু বাকি নেই। পাকিস্তানকে আরেকবার হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের চাই ৩ উইকেট। বিশ্ব রেকর্ড করে জিততে হলে পাকিস্তানকে করতে হবে আরও ১২১ রান। এখনো মোহাম্মদ রিজওয়ান ক্রিজে থাকায় কিছুটা আশা দেখছে সফরকারীরা। তবে শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে দ্রুতই খেলা শেষ করে দেওয়ার বিশ্বাস স্বাগতিক দলের। 

বুধবার সকালে বৃষ্টি হলেও দিনের বাকি অংশ বৃষ্টির সম্ভাবনা কম, যদিও আকাশ এখনো মেঘলা আছে।