সারাদিন ব্যাট করার পরিকল্পনা বাংলাদেশের
হাতে ৭ উইকেট নিয়ে ১৫৬ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শুরু করছে বাংলাদেশ। ম্যাচের নিয়ন্ত্রণ একদমই স্বাগতিকদের হাতে। তবে এখনই নিজেদের নিরাপদ ভাবার সুযোগ নেই। তৃতীয় দিন পুরোটা ব্যাট করে লিডটা যত পারা যায় বাড়িয়ে নিতে চায় নাজমুল হোসেন শান্তর দল।
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭৮ রানের জবাবে বাবর আজমের ফিফটির পরও ২৩২ রানে থামে পাকিস্তান। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ—বাংলাদেশের পাঁচ বোলারই ছিলেন কার্যকর।
কেউ চাপ তৈরি করেছেন, কেউ ব্রেক থ্রো এনেছেন, কেউ নামিয়েছেন ধস। নাহিদের মতে জুটি করে বল করে প্রতিপক্ষকে কাবু করেছেন তারা, ‘তারা (তাসকিন-শরিফুল) শুরুতে অনেক ডিসিপ্লিনড বোলিং করছে এবং জুটি গড়ে বোলিং করছে। দুই দিক থেকেই যখন জুটি গড়ে বোলিং হয়, ব্যাটসম্যান চাপে ভুল শট খেলতে যায় কিংবা যখন রান না থাকে বোর্ডে, তখন তাঁদের মাথায় অনেক আসে বা তাঁরা অনেক কিছু চিন্তা করে। ওই ফায়দাটা আমাদের বোলাররা…শরিফুল ভাই এবং তাসকিন ভাই নেওয়ার চেষ্টা করেছে এবং সফল হয়েছে।’
দ্বিতীয় দিনের খেলা শেষে গণমাধ্যমে কথা বলতে এসে নাহিদ জানান দলের পরিকল্পনা। এগিয়ে থাকা অবস্থাকে শক্তপোক্ত জায়গায় পাকিস্তানের স্পর্শের বাইরে নিতে চান তারা, ‘এখন আমাদের পরিকল্পনা, যেহেতু টেস্টের মাত্র দুই দিন শেষ হয়েছে, আরও তিন দিন আছে, আমরা কালকে যতক্ষণ পারব, ব্যাটিং করব। সেরকম কোনো টার্গেট নেই যে ২০০ কিংবা ২৫০, ৩০০ রানের লক্ষ্য দিতে হবে। কারণ অনেক সময় পড়ে আছে। কালকের পরে আরও দুই দিন আছে। আমরা চেষ্টা করব কালকে পুরো দিন ব্যাটিং করার।’