ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ: রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের
ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগের মতো নবম স্থানে থাকলেও রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। পাশাপাশি দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পয়েন্টের ব্যবধানও বাড়িয়ে নিয়েছে টাইগাররা।
২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের সমীকরণে র্যাঙ্কিংয়ের এই পরিবর্তন বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ইতোমধ্যে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারে থাকায় সমীকরণ অনুসারে, নবম স্থানে থাকা দলের জন্য সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার পথ খুলে যেতে পারে।
সোমবার প্রকাশিত সবশেষ এই হালনাগাদে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড এবং ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানকে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। পাঁচে নেমে যাওয়া পাকিস্তানের রেটিং পয়েন্ট ৯৮।
তালিকার ষষ্ঠ থেকে অষ্টম স্থানে যথাক্রমে রয়েছে শ্রীলঙ্কা (৯৬ রেটিং পয়েন্ট), আফগানিস্তান (৯৩ রেটিং পয়েন্ট) ও ইংল্যান্ড (৮৯ রেটিং পয়েন্ট)।
একটি বেড়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট হয়েছে ৮৪। তাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টের ব্যবধান এখন ১০। টাইগারদের জন্য কিছুটা হলেও স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই ব্যবধান। তিনটি পয়েন্ট হারানো ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৪।
র্যাঙ্কিংয়ের নিচের সারিতে জিম্বাবুয়েকে টপকে ১১তম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড। এছাড়া, স্কটল্যান্ডকে টপকে যুক্তরাষ্ট্র ১৩তম এবং কানাডাকে টপকে সংযুক্ত আরব আমিরাত ১৯তম স্থান দখল করেছে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের এবারের বার্ষিক হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে অনুষ্ঠিত ম্যাচগুলোর ফলাফলের ১০০ শতাংশ এবং পূর্ববর্তী দুই বছরের ৫০ শতাংশ বিবেচনা করা হয়েছে।