বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটিতে বাশার
চলতি বছরের শুরুতে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতির কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
গতকাল ১০ মে প্রকাশিত এনএসসির একটি নথি অনুযায়ী, এই কমিটিকে বিষয়টি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তাদেরকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ. কে. এম ওলি উল্যা এই কমিটির নেতৃত্ব দেবেন। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।
তদন্ত কমিটিকে গত ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার সংক্রান্ত যাবতীয় বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নিরাপত্তা নিয়ে শঙ্কা এবং পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওই টুর্নামেন্টে অংশ নিতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। ২০ দলের আসরটিতে পরবর্তীতে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয় স্কটল্যান্ড।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গত মার্চ মাসেই ঘোষণা করেছিলেন যে, বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার নেপথ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, সরকার এই বিষয়টির বিস্তারিত খতিয়ে দেখবে।
খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী ছিলেন বলে পরবর্তীতে জানা গেলেও নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিসিবির এই সিদ্ধান্ত দেশের ক্রিকেট মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল।