‘অতীত অতীতই’, বাংলাদেশের কাছে হার নিয়ে শাহীন
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে জয়ী দলের নাম বাংলাদেশ। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারায় বাংলাদেশ। ২০২৪ সালে পাকিস্তানে গিয়ে জিতে আসে ঐতিহাসিক সিরিজ। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রেও মুখোমুখি দুই দল। তার আগে শাহীনকে সর্বশেষ সিরিজের কথা মনে করিয়ে দিতেই তিনি তা উড়িয়ে দিলেন।
২০২৪ সালে পাকিস্তান সফরে গিয়ে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টেই জয়লাভ করে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়। নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের কাছে হারে বেশ বড় ধাক্কা খেয়েছিল পাকিস্তান।
এরপর সময় পেরিয়েছে অনেকটা, পাকিস্তানের টেস্ট দলও পেয়েছে কিছুটা নতুন আদল। শুক্রবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া টেস্ট সামনে রেখে ঢাকায় নিবিড় অনুশীলন করছে শান মাসুদের দল।
বুধবার দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন অভিজ্ঞ পেসার শাহীন। বাংলাদেশের কাছে হারের প্রসঙ্গ তুলতেই তিনি বললেন তাদের স্বপ্নের সীমানা এখনো আরও উঁচুতে, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি অতীত অতীতই। আমরা সেটা নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য হচ্ছে বর্তমান ও ভবিষ্যতের দিকে তাকানো। আমরা নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছি। কেবল কোনো একটা সিরিজ নিয়েই না, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার লক্ষ্য নিয়ে ভাবছি। আমাদের দলীয় লক্ষ্য আরও বেশি।’
পাকিস্তানকে তাদের মাঠে হারিয়ে আসা বাংলাদেশ ঘরের মাঠে চাইবে দাপট ধরে রাখতে। কন্ডিশন নিজেদের অনুকূলে থাকায় প্রতিপক্ষকে এখানে নিয়মিতই চ্যালেঞ্জ দেন নাজমুল হোসেন শান্তরা। সেসব জেনেই নিজেদের লক্ষ্যের কথা জানান শাহীন, ‘যেকোনো দলের ঘরের মাঠের কন্ডিশন সফরকারীদের সঙ্গে সবসময়ই কঠিন হয়, কিন্তু আমরা কেবল একটি সিরিজের বাইরেও চিন্তা করছি। আমাদের লক্ষ্য হলো “ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ”, আমাদের ১০০ শতাংশ লক্ষ্য হলো কোয়ালিফাই করা এবং ফাইনালে খেলা। একটি দল হিসেবে আমরা প্রস্তুত এবং এটা বুঝি যে, এটি অর্জন করতে হলে আমাদের টেস্ট ফরম্যাটে সেরা ক্রিকেট খেলতে হবে।’