পিএসএল ফাইনাল খেলবেন নাহিদ রানা, পেলেন এনওসি

স্পোর্টস ডেস্ক

পিএসএলের ফাইনাল সামনে রেখে সিদ্ধান্ত বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের পেসার নাহিদ রানাকে এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা লড়াইয়ে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বোর্ড, যা তার ক্যারিয়ারের জন্য বড় সুযোগ হিসেবেই দেখা হচ্ছে।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পর নাহিদকে তার ফ্র্যাঞ্চাইজির হয়ে ৩ মে অনুষ্ঠেয় পাকিস্তান সুপার লিগের ফাইনালে খেলার অনুমতি দেওয়া হয়েছে। বৈশ্বিক মানের একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে অংশ নেওয়াকে তার উন্নয়নের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে দলের টিম ম্যানেজমেন্ট ও বিসিবির মেডিক্যাল ইউনিটও ইতিবাচক মত দিয়েছে। তারা নিশ্চিত করেছে, এই ম্যাচে অংশ নেওয়া নাহিদের ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিংবা জাতীয় দলের দায়িত্ব পালনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

এদিকে বিসিবি আরও জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলার জন্য নির্ধারিত সময়েই প্রস্তুত থাকবেন রানা। ঢাকায় ৮ মে শুরু হতে যাওয়া সেই টেস্ট ম্যাচে তাকে পাওয়া যাবে বলেই আশা করছে টিম ম্যানেজমেন্ট।