ফিরে এসেছেন মোস্তাফিজরা, পিএসএলে বাড়তি এক ম্যাচ খেলার অনুমতি পেলেন শরিফুল-নাহিদ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে থাকা বাংলাদেশের চার ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন ফিরে এসেছেন। ইমন ফিরেছেন চোটে পড়ায়। বাকি তিনজনকে ফিরতে হয়েছে জাতীয় দলের সিরিজের জন্য। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের দলে থাকা শরিফুল ইসলাম ও নাহিদ রানা ফিরবেন একদিন পর।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছেন, শরিফুল ও নাহিদের অনাপত্তিপত্র বা এনওসি'র মেয়াদ একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ‘তাদের পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘শরিফুল ইসলাম এবং নাহিদ রানাকে প্রাথমিকভাবে ১২ এপ্রিল ২০২৬ পর্যন্ত এনওসি দেওয়া হয়েছিল। পরিবর্তিত ব্যবস্থা অনুযায়ী, ১৩ এপ্রিল ২০২৬ তারিখে পেশোয়ার জালমির নির্ধারিত ম্যাচে অংশ নেওয়ার জন্য উভয় খেলোয়াড়কে পাকিস্তানে অবস্থান করার অনুমতি দেওয়া হয়েছে।’
পাঁচ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পেশোয়ার সোমবার মুলতান সুলতানসের মুখোমুখি হবে।
আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দলে শরিফুল ও রানা উভয়কেই রাখা হয়েছে।
এদিকে মোস্তাফিজ-তানজিদ-রিশাদ ও ইমন ফেরেন রোববার। ইমন ওয়ানডে স্কোয়াডে না থাকায় তার এনওসি আরও বেশি সময়ের জন্য ছিলো। তবে চোটের কারণে ফিরতে হয়েছে তাকে। এখন পুনর্বাসন চালাবন তিনি। বাকি তিনজন প্রস্ততি শুরু করবেন নিউজিল্যান্ড সিরিজের।