ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ানোয় তামিমকে কোয়াবের সাধুবাদ

ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া ক্রিকেটে ছেলে ও মেয়ে ক্রিকেটারদের ম্যাচ ফি এবং মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রশংসিত হচ্ছে নবকঠিত বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি। তাদেরকে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, 'ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানোর এই উদ্যোগ দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে। এর সুফল খুব দ্রুতই দেখা যাবে বলে আমরা বিশ্বাস করি।' 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ক্রিকেটের উন্নতির জন্য বিসিবির যেকোনো ইতিবাচক সিদ্ধান্তের সঙ্গে কোয়াব সব সময় থাকবে।

গত মঙ্গলবার আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার পর তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেয়। দায়িত্ব নিয়ে পরিচালনা পর্ষদের প্রথম সভাতেই তারা ক্রিকেটারদের বেতন বাড়ানোর এই ঘোষণা দেয়।


নতুন বেতন ও ম্যাচ ফি একনজরে:

নারী ক্রিকেটার:

  • ম্যাচ ফি: টি-টোয়েন্টিতে ১০ হাজার, ওয়ানডেতে ১৫ হাজার এবং দীর্ঘ ফরম্যাটে ২০ হাজার টাকা।

  • মাসিক বেতন: চুক্তিবদ্ধ ৩০-৩৫ জন ক্রিকেটারের বেতন ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

পুরুষ ক্রিকেটার (মাসিক বেতন):

  • ক্যাটাগরি এ: ৩৫ হাজার থেকে বেড়ে ৬৫ হাজার টাকা।

  • ক্যাটাগরি বি: ৩০ হাজার থেকে বেড়ে ৫০ হাজার টাকা।

  • ক্যাটাগরি সি: ২৫ হাজার থেকে বেড়ে ৪০ হাজার টাকা।

ম্যাচ ফি (৪ দিনের ম্যাচ): জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।