নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন অ্যাডহক কমিটির প্রধান তামিম

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকালে দায়িত্ব পেয়েই সন্ধ্যায় মিরপুরে অবস্থিত বিসিবি কার্যালয়ে এসে সভাপতির চেয়ারে বসেন সাবেক টাইগার অধিনায়ক। এরপর এই কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দিয়েছেন বিসিবির আগামী নির্বাচনে অংশ নেওয়ার।

বাংলাদেশের নতুন সরকারের গঠিত পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটির ৫ এপ্রিল জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়েছে এনএসসি। তদন্ত কমিটির সুপারিশগুলো তুলে ধরার পর চূড়ান্ত এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বিষয়টি ই-মেইলের মাধ্যমে আইসিসিকেও অবহিত করেছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

এই নবগঠিত অ্যাডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজনের পাশাপাশি বোর্ডের দৈনন্দিন সব কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনার দায়িত্ব পালন করবে।

বোর্ড সভার পর এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তামিম বলেন, 'অবশ্যই, আমরা নির্বাচন করব। এখানে আপনি আমাকে ব্যক্তি হিসেবে জিজ্ঞেস করতে পারেন, আমার ইচ্ছা থাকতে পারে— আমি নির্বাচন করতে পারি। (অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম) বাবু ভাইয়ের ইচ্ছা থাকতে পারে, উনি নির্বাচন করতে পারেন; আবার উনার ইচ্ছা না-ও থাকতে পারে। আর যখন একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে... আর শুধু আমরা না। যারা যারা আগ্রহী, আমি সবাইকে অনুরোধ করব যে, সবাই অংশগ্রহণ করুন। কারণ, ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে। তাই যারা যারা আছেন— বোর্ডের ক্রিকেটাররা, সংগঠকরা, সবাই— সবার অংশ নেওয়া উচিত।'

তিনি যোগ করেন, 'আর আমরা যেন একটা সুন্দর নির্বাচন করে দিয়ে যেতে পারি, ওই অবস্থানটা... আমরা ওই পরিবেশটা তৈরি করে দিব, যেখানে সবাই এসে নির্বাচন করতে পারবে।'

এদিন তামিম আসার আগেই বিসিবি প্রাঙ্গণে প্রচুর মানুষ ভিড় করেন। সেখানে সাংবাদিকদের পাশাপাশি অনেক বহিরাগতও ছিলেন। তারা মিছিল করে ও স্লোগান দিয়ে অ্যাডহক কমিটির প্রধানকে স্বাগত জানান। এই চিত্র অবশ্য বেশ পুরনো। এর আগে নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ ও বুলবুল দায়িত্ব নেওয়ার সময়ও একইভাবে বহিরাগতদের উপস্থিতি দেখা গিয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় থেকেছে তামিমের ক্ষেত্রেও।

এই অ্যাডহক কমিটিতে রয়েছেন আরেক সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান। সংগঠকদের মধ্যে আছেন তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

বাকিরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছেলে ইব্রাহিম আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম, যিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।