‘বল ছাদে পাঠানো ছিলো ভীষণ মজার’, দানবীয় ইনিংসের পর ডেভিড
এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ছাদটা যে খুব একটা নিরাপদ নয়, তা কাল রাতে আরও একবার বুঝিয়ে দিলেন টিম ডেভিড। অনুশীলনে সতীর্থদের সঙ্গে মজা করে বল ছাদে পাঠানোর যে বাজি ধরতেন, কাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের মাঝেই যেন তার সফল প্রয়োগ ঘটালেন এই অস্ট্রেলিয়ান পাওয়ার-হিটার।
ম্যাচের হাই-ভোল্টেজ মুহূর্তে ১০৬ মিটারের এক বিশাল ছক্কায় বল যখন গ্যালারি ছাড়িয়ে স্টেডিয়ামের ছাদে আছড়ে পড়ল, গ্যালারিতে তখন শুধুই বিস্ময়। ২০২৬ মৌসুমের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কেন তার ওপর ভরসা রেখেছে, সেই আস্থার প্রতিদান ডেভিড দিলেন ২৫ বলে ৭০ রানের এক বিধ্বংসী ইনিংসে।
ম্যাচ শেষে সেই দানবীয় ছক্কা নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে ডেভিড বলেন, ‘অনুশীলনের সময় এই ছাদ লক্ষ্য করে মারতে গিয়ে ছেলেদের সঙ্গে প্রায়ই আমার ঝামেলা লাগে। আমাদের মধ্যে ছোটখাটো একটা কম্পিটিশন হয় কে ছাদে বল পাঠাতে পারে। সাধারণত আমরা সাইড পিচে প্র্যাকটিস করি, কিন্তু কাল ম্যাচের মধ্যে একদম ব্যাটের মাঝখান দিয়ে বল লাগিয়ে সেটাকে ছাদে পাঠিয়ে বেশ মজা হয়েছে।’
ডেভিডের এই ঝোড়ো ইনিংসের নেপথ্যে বড় অবদান ছিল রজত পাতিদারের ১৯ বলে ৪৮ রানের ক্যামিও। পাতিদারের ব্যাটিং ডেভিডের কাজটা সহজ করে দিয়েছিল বলে জানান তিনি। ডেভিডের ভাষায়, ‘রজত অবিশ্বাস্য ব্যাটিং করছিল। ওর আক্রমণাত্মক মেজাজ আমাকে থিতু হওয়ার সুযোগ করে দেয়। এর ফলে আমরা বড় স্কোর গড়তে পেরেছি এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পেরেছি।’
ম্যাচ শেষে জয়ের কৃতিত্বের চেয়েও ডেভিডের সেই ‘রকেট শট’ নিয়েই আলোচনা চলছে বেশি। চিন্নাস্বামীতে ডেভিডের এই ছক্কা-বৃষ্টির রাতে চেন্নাই ৪৩ রানে হারলেও, ক্রিকেটপ্রেমীদের চোখে লেগে আছে কেবল ওই ১০৬ মিটারের অতিমানবীয় স্ট্রাইকটি।