টেস্টে ছন্দ ফেরাতে আইপিএল ছেড়ে কাউন্টি খেলবেন ডাকেট

​স্পোর্টস ডেস্ক

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের বাঁহাতি ওপেনার বেন ডাকেট। কোটি টাকার হাতছানি উপেক্ষা করে টেস্ট ক্রিকেটে নিজের ছন্দ ফিরে পেতে এবং ঘরোয়া কাউন্টি ক্রিকেটে মনোযোগ দিতেই তার এই সিদ্ধান্ত। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র চার দিন আগে সরে দাঁড়ানোয় আইপিএলের নিয়ম অনুযায়ী দুই মৌসুমের নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়েছেন তিনি।

​৩১ বছর বয়সী এই ব্যাটারকে গত নিলামে ২০ মিলিয়ন রুপিতে (প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা) দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। অ্যাশেজ সিরিজে ২০.২০ গড়ে ২০২ রান করা ডাকেটকে নিয়ে বড় পরিকল্পনা ছিল ফ্র্যাঞ্চাইজিটির। কিন্তু লাল বলের ক্রিকেটে নিজের ফর্ম ও ফিটনেস ধরে রাখতেই আইপিএল বিসর্জন দিলেন তিনি।

​আইপিএলের কঠোর নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার নিলামে দল পাওয়ার পর টুর্নামেন্ট শুরুর ঠিক আগে যুক্তিসঙ্গত কারণ ছাড়া নাম সরিয়ে নিলে তাকে পরবর্তী দুই আসরের জন্য নিষিদ্ধ করা হতে পারে। ডাকেটের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

​নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ডাকেট লিখেছেন, 'আমি আইপিএল থেকে সরে দাঁড়ানোর অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছি। এটি নিয়ে আমি অনেক ভেবেছি এবং কাজটা মোটেও সহজ ছিল না। ছোটবেলা থেকেই ইংল্যান্ডের হয়ে খেলা আমার স্বপ্ন এবং আমি ইংলিশ ক্রিকেটের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে চাই।'

​তিনি আরও যোগ করেন, 'সামনে আমাদের ব্যস্ত গ্রীষ্মকালীন মৌসুম। তার আগে নিজেকে শারীরিকভাবে ও মানসিকভাবে সেরা অবস্থায় রাখা জরুরি। আমি দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। তাদের প্রস্তুতির প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। এছাড়া দিল্লির সমর্থকদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি।'

​আগামী ২৮শে মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএলের নতুন আসর, যা চলবে ৩১শে মে পর্যন্ত। বিশ্বের নামী সব ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নিলেও ডাকেট এখন নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে মনোনিবেশ করবেন।